Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

প্লাস্টিকের ব্যবহার বন্ধে বিভিন্ন মসজিদের ইমামদের সাহায্য প্রার্থনা করল প্রশাসন

প্লাস্টিকের ব্যবহার রুখতে সাধারণ মানুষদের সচেতন করতে এলাকার বিভিন্ন মসজিদের ইমামদের সাহায্য চাইল করিমপুর ২ ব্লক প্রশাসন। এর আগেও একাধিকবার প্লাস্টিক ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা হলেও তা বন্ধ হয়নি।

প্লাস্টিকের ব্যবহার বন্ধে বিভিন্ন মসজিদের ইমামদের সাহায্য প্রার্থনা করল প্রশাসন
  • ৯ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, করিমপুর: প্লাস্টিকের ব্যবহার রুখতে সাধারণ মানুষদের সচেতন করতে এলাকার বিভিন্ন মসজিদের ইমামদের সাহায্য চাইল করিমপুর ২ ব্লক প্রশাসন। এর আগেও একাধিকবার প্লাস্টিক ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা হলেও তা বন্ধ হয়নি। এবার প্লাস্টিক দূষণ মুক্ত করতে ইমামদের সহযোগিতায় ভরসা করা হচ্ছে। করিমপুর ২ ব্লকের বিডিও সুপ্রতীক মজুমদার জানান,  প্লাস্টিকের ব্যবহার বন্ধে এর আগে সাধারণ মানুষকে সচেতন করা হয়েছে। এবার এলাকায় প্রচার করার জন্য ইমামদের জানানো হয়েছে। এই ব্যাপারে দিন কয়েক আগে ব্লক অফিসে এলাকার ইমামদের নিয়ে বৈঠক করা হয়। এরপরে পুরোহিত সহ বিভিন্ন শ্রেণির মানুষদের ডেকে সচেতনতার প্রচারের জন্য বলা হবে। আগামী দিনে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়, উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, স্বাস্থ্যকর্মী থেকে অঙ্গনওয়াড়ি কর্মী ছাড়াও সমস্ত সংস্থার কর্মীদের সঙ্গে বৈঠক করে সবাইকে একই আবেদন জানানো হবে। ইতিমধ্যে ব্যবহৃত প্লাস্টিক গলিয়ে সেই তরল পদার্থ দিয়ে রাস্তা তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। সেই পরিকল্পনাকে বাস্তবায়িত করাই একমাত্র উদ্দেশ্য। 

Advertisement

দীঘলকান্দি গ্রাম পঞ্চায়েত প্রধান কার্তিক মণ্ডল বলেন, প্লাস্টিকের ব্যবহারে নিষেধাজ্ঞার প্রচারের জন্য ইমামদের যেমন বলা হয়েছে, পাশাপাশি প্লাস্টিকের বর্জ্য পদার্থ সংগ্রহ করে সেটিকে কাজে লাগানোর জন্যও বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে। মুরুটিয়া জুম্মা মসজিদের ইমাম আবুল কালাম শেখ বলেন, বিভিন্ন সময়ে মসজিদ থেকে মানুষের স্বার্থে বিভিন্ন বিষয়ে সচেতন করতে বা সরকারি আবেদন মানুষের কাছে পৌঁছে দেওয়ার কাজ করা হয়েছে। করোনা বা ডেঙ্গু থেকে বাঁচতে মানুষকে বারবার সচেতন করার কাজ করেছেন ইমামরা। এবার মানুষকে এলাকার পরিবেশ পরিচ্ছন্ন রাখার বিষয়েও আমরা সকলকে সচেতন করতে চেষ্টা করব। একই কথা জানান, পণ্ডিতপুর মসজিদের ইমাম হান্নান মোল্লা। তিনি বলেন, এর আগেও আমরা নানা সামাজিক সচেতনতামূলক প্রচার মসজিদ থেকে করেছি। তবে প্রশাসনের পরামর্শ মতো প্লাস্টিকের অপব্যবহার নিয়ে এলাকার মসজিদের মাইক থেকে প্রচার শুরু করেছি। রহমতপুর গ্রাম পঞ্চায়েত প্রধান শম্পা বিশ্বাস বলেন, পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে শুধু প্লাস্টিক ব্যবহারে নিষেধ করা হচ্ছে না। পাশাপাশি জানানো হবে যে, এলাকার জনবহুল এলাকা থেকে ফেলে দেওয়া প্লাস্টিকের দ্রব্য সংগ্রহ করে সেগুলি ব্লকের নারায়ণপুরে পাঠানো হবে। সেখানে একটি প্রকল্প তৈরি করা হয়েছে। সেই প্রকল্পের মাধ্যমে প্লাস্টিক গলিয়ে তরল পদার্থ ও পাথর দিয়ে এলাকার বিভিন্ন সড়ক তৈরি ও মেরামতের কাজ করা হবে। তাতে আগের তুলনায় খরচ কম পড়বে এবং এলাকার দূষণমুক্ত পরিবেশ তৈরি হবে। গতদিনের ইমামদের বৈঠকে ব্লক এলাকার মোট ৯০ জন ইমাম উপস্থিত ছিলেন। তাঁদের সবাইকে প্রচারের জন্য বলা হয়েছে।  

Advertisement
সম্পর্কিত সংবাদ