সংবাদদাতা, কাটোয়া: কাটোয়ায় অজয় পাড় লাগোয়া রাজুয়া গ্রামে এগারো দিন আগেই ভয়াবহ বোমা বিস্ফোরণে প্রাণ হারিয়েছিলেন একজন। তদন্ত ইঙ্গিত করছে, বেআইনি বালির কারবারের দিকে। এবার সেই অজয়ের চরে ড্রোন দিয়ে নজরদারি শুরু করল প্রশাসন। মঙ্গলবার সারাদিন ড্রোন ওড়ানো হয়। ছিলেন ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের অফিসারেরা৷ কাটোয়া মহকুমা ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের অফিসার সৌমিত্র সামন্ত বলেন, ‘আমরা ড্রোন দিয়ে পুরো এলাকা ম্যাপিং করেছি৷ ড্রোনের রিপোর্ট আসার পর জানতে পারব কোনও বেনিয়ম হচ্ছে কি না।’ কাটোয়ার অজয়ের পাড়ে উড়ছে দেদার টাকা৷ আর সেই টাকায় ফুলেফেঁপে উঠছে এক শ্রেণির অসাধু কারবারিরা৷ এলাকার বহু যুবক তাদের খাতায় নাম লিখিয়েছে৷ রাতারাতি কোটিপতি হওয়ার নেশায় কেউ কেউ চাকরি ছেড়ে বালির কারবারে নেমেছে৷ কাটোয়ার চুড়পুনি, রাজুয়া, যতীনপুর, আঙারপুর এসব গ্রাম গুলি অজয় লাগোয়া৷ জল বাড়লেই এসব গ্রামগুলি প্লাবিত হয়ে পড়ে৷ তখনই জেসিবি দিয়ে জমি খুঁড়ে তার নীচ থেকে বালি তুলেছে কারবারিরা৷ এমনই অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। এখন অজয়ের জল বাড়ছে৷ কাটা খালে জল ঢুকছে৷ তাতে অজয়ের গতিপথ বদলাচ্ছে বলে অভিযোগ৷ স্থানীয় বাসিন্দারা বলছেন, এতে অজয়ের জল আরও বাড়লে সব ভেসে যাবে৷ ‘বর্তমান’ পত্রিকায় এনিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়৷ তার জেরেই এদিন অতিরিক্ত জেলা শাসক (ভূমি ও ভূমি সংস্কার)-এর নির্দেশে ড্রোন নিয়ে তদন্তে নামল পুরো টিম৷



