নিজস্ব প্রতিনিধি, সিউড়ি: সিউড়ি শহরে টোটোর দৌরাত্ম্য নিয়ন্ত্রণে এবার কঠোর পুরসভা। শহরকে যানজটমুক্ত করতে এবার টোটো চলাচলের ক্ষেত্রে নতুন নিয়ম জারি হতে চলেছে। পুরসভার তরফে জানা গিয়েছে, অতি দ্রুত টোটো যাতায়াতের ক্ষেত্রে নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হবে। দিনে আট ঘণ্টা সময় বেঁধে দিয়ে রেজিস্ট্রেশনপ্রাপ্ত টোটোগুলিকে দু’ভাগে চালানো হবে। নিয়ম ভাঙলেই এক্ষেত্রে টোটোর বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে। কী সেই পদক্ষেপ, যে টোটো নিয়ম ভাঙবে টানা সাতদিন সেই টোটোর উপর নিষেধাজ্ঞা জারি হবে। পাশাপাশি থাকছে জরিমানার শাস্তি। এনিয়ে গত শনিবার বিশেষ বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। পুর চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্যায় বলেন, টোটো চালকদের রুটিরুজির কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত। নয়া এই সিদ্ধান্তে শহরের যানজট সমস্যাও মিটবে। তবে কোনও টোটো চালক নিয়ম না মানলে কড়া পদক্ষেপ করা হবে তার বিরুদ্ধে। নির্দিষ্ট টোটোর চলাচলে সাতদিনের নিষেধাজ্ঞা জারির পাশাপাশি প্রতিদিন ২০০টাকা করে জরিমানা আদায় করা হবে।
সিউড়ি পুর এলাকায় প্রায় তিন হাজার টোটো রেজিস্ট্রেশনের আওতায় রয়েছে। ইতিমধ্যে প্রতিটি টোটোয় কিউ আর কোড লাগানোর কাজও শেষ হয়েছে। এরপর একাধিক সময় পুরসভা কর্তৃপক্ষ টোটোর গতিতে রাশ টানতে জোড়-বিজোড় পদ্ধতি চালুর সিদ্ধান্ত নিয়েছিল। সিদ্ধান্ত হয়েছিল, একদিন জোড় অন্যদিন বিজোড় সংখ্যক টোটো সিউড়ির রাস্তায় চলাচল করবে। এক্ষেত্রে নিয়ম না মানলে জরিমানার সিদ্ধান্তও চূড়ান্ত হয়েছিল। কবে থেকে এই নিয়ম চালু হবে তার দিনক্ষণও ঘোষণা হয়ে যায়। যদিও পুরসভার তরফে জারি নির্দেশিকা বাস্তব রূপ পায়নি। ফলে আজও সিউড়ি শহরে বেপরোয়া টোটোর দৌরাত্ম্য লাগামহীন। যার জেরে অতিষ্ঠ শহরবাসী। টোটোর কারণে প্রায় প্রতিনিয়ত শহরবাসীকে যানজটের সমস্যার মুখোমুখি হতে হচ্ছে। এই পরিস্থিতিতে টোটোর দৌরাত্ম্য নিয়ন্ত্রণে পুরসভার সদিচ্ছা নিয়েও প্রশ্ন উঠেছিল। সে কারণেই এবার শহরে টোটোর চলাচলে নয়া নিয়ম জারি হতে চলেছে।
প্রাথমিকভাবে জানা গিয়েছে, টোটোর দৌরাত্ম্যে ইতি টানতে গত শনিবার একটি বিশেষ বৈঠক হয়। পুরসভা, পুলিস ও প্রশাসনের কর্তাদের উপস্থিতিতে সেই বৈঠক চলে। টোটো ইউনিয়নের সদস্যরাও বৈঠকে ছিলেন। পুরসভার তরফে জানা গিয়েছে, নয়া নিয়ম অনুযায়ী প্রতিদিন সকাল ৬টা থেকে দুপুর ২টো পর্যন্ত রেজিষ্ট্রেশনপ্রাপ্ত টোটোর অর্ধেক সংখ্যক চলাচল করবে শহরে। বাকি টোটোগুলি দুপুর ২টো থেকে রাত ১০টা পর্যন্ত চলাচল করবে। আগামী ১৪ জুলাই থেকে এই নিয়মে চলাচল করবে টোটোগুলি। সিউড়ি শহর টোটো ইউনিয়নের সভাপতি রাজিবুল ইসলাম বলেন, সিউড়ি শহরকে যানজটমুক্ত রাখা আমাদের লক্ষ্য। সেই লক্ষ্যে শহরের স্বার্থে আমরা শুরু থেকেই টোটোর গতিতে রাশ টানার পক্ষে ছিলাম। এবারও যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাকে সমর্থন জানাচ্ছি।