Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

দীঘার জগন্নাথ ধামের শেষ পর্বের কাজ পরিদর্শনে প্রশাসন

দীঘায় জগন্নাথ ধামের শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখতে বৃহস্পতিবার পরিদর্শন করলেন হিডকোর ভাইস চেয়ারম্যান হরিকৃষ্ণ দ্বিবেদী।

দীঘার জগন্নাথ ধামের শেষ পর্বের কাজ পরিদর্শনে প্রশাসন
  • ৪ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

শ্রীকান্ত পড়্যা, দীঘা: দীঘায় জগন্নাথ ধামের শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখতে বৃহস্পতিবার পরিদর্শন করলেন হিডকোর ভাইস চেয়ারম্যান হরিকৃষ্ণ দ্বিবেদী। সঙ্গে ছিলেন রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের আমলা এবং পূর্ব মেদিনীপুরের জেলাশাসক পূর্ণেন্দু মাজী, পুলিস সুপার সৌম্যদীপ ভট্টাচার্য। ৩০এপ্রিল অক্ষয় তৃতীয়ার পুণ্যতিথিতে দীঘায় ২০একর জমির উপর পুরীর মন্দিরের আদলে তৈরি জগন্নাথধামের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দীঘাজুড়ে তার কাউন্টডাউন শুরু হয়েছে। রাতদিন কাজ চলছে। মন্দিরের ভিতরে এবং বাইরে জোরকদমে কাজ চলছে। গেটে নিরাপত্তারক্ষী নিয়োগ করে বাইরের কাউকে মন্দির চত্বরে ঢুকতে দেওয়া হচ্ছে না। রাতদিন তিনটি শিফটে শেষ মুহূর্তের কাজ চলছে।

Advertisement

বৃহস্পতিবার বিকেল ৪টে নাগাদ হিডকোর ভাইস চেয়ারম্যান সহ অন্যান্য আধিকারিকরা জগন্নাথধামে আসেন। তাঁরা মন্দির চত্বর ঘুরে দেখেন। মন্দিরের মূল কাঠামোর কাজ শেষ। এই মুহূর্তে মন্দির চত্বরে সৌন্দর্যায়নের কাজ চলছে। জগন্নাথধামের সামনে ১১৬বি জাতীয় সড়কে যান চলাচল পুরোপুরি বন্ধ রেখে চৈতন্য‌দ্বারের কাজ চলছে। রাস্তার দু’দিকে কংক্রিটের পিলার তুলে চৈতন্যদ্বার বানানোর কাজ চলছে। জগন্নাথধামের সামনে রাস্তার ধারে পার্ক তৈরির কাজ চলছে। গোটা এলাকা আলোয় সেজে উঠবে। বাতিস্তম্ভ বসানোর কাজ চলছে। ২০একর জায়গার উপর এই জগন্নাথধাম আগামী দিনে দীঘায় পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হতে চলেছে। দীঘায় বিদ্যুতের চাহিদার কথা মাথায় রেখে অতিরিক্ত একটি ৬৩কেভিএ সাবস্টেশন গড়ে উঠছে। জগন্নাথধামে একটি জেনারেটর বসানো হয়েছে। এখানে ২৪ঘণ্টাব্যাপী নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ থাকবে। 
জগন্নাথধামের আশপাশে প্রচুর সিসি ক্যামেরা বসানো হয়েছে। এই মুহূর্তে ট্রাফিক সিগন্যাল বসানোর কাজও চলছে। জগন্নাথধাম লাগোয়া জেলা পরিষদের গেস্টহাউস গড়ে উঠেছিল। সেই গেস্টহাউস হিডকো নিয়েছে। সেখানে পুলিস ক্যাম্প, স্বাস্থ্যকর্মী এবং দমকল কর্মীরা থাকবেন। মূলত ওই ধামে আসা পর্যটকদের কথা ভেবেই হিডকোর পক্ষ থেকে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সেই ভবনেও জোরকদমে কাজ চলছে। পূর্ত (সোশ্যাল সেক্টর), বিদ্যুৎ বণ্টন, পিএইচই সহ রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের পক্ষ থেকে জগন্নাথধামে চূড়ান্ত প্রস্তুতির কাজে তদারকি চলছে। 
মন্দিরের মূল গেটের সামনে চৈতন্যদ্বার তৈরির কাজ চলায় রাস্তার দু’দিকে জাতীয় সড়কে ব্যারিকেড করে দেওয়া হয়েছে। যার ফলে মন্দিরের সামনের রাস্তায় কোনওরকম যান চলাচল করছে না। এই সুযোগে পর্যটকরা মন্দিরের সামনে রাস্তায় সেলফি, রিলস বানানোর কাজে মজেছেন। মন্দির লাগোয়া বিদ্যুৎ বণ্টন সংস্থার হলিডে হোমের ম্যানেজার দিলীপকুমার ভুঁইয়া বলেন, জগন্নাথধাম আগামী দিনে দীঘার পর্যটন মানচিত্রে গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে উঠবে। এখন থেকেই যেভাবে মানুষের মধ্যে ভীষণ উন্মাদনা লক্ষ্য করা যাচ্ছে। স্বাভাবিকভাবে চালু হওয়ার পর এই জগন্নাথধামকে ঘিরে পর্যটক সমাগম অনেক বৃদ্ধি পাবে।
দীঘা-শঙ্করপুর হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক বিপ্রদাস চক্রবর্তী বলেন, দীঘা নতুন রূপে সেজে ওঠার পর থে঩কেই পর্যটকদের কাছে আকর্ষণীয় হয়ে উঠেছে। পর্যটক সংখ্যা অনেক বেড়েছে। তবে, জগন্নাথধাম চালুর পর পর্যটক সমাগম আরও অনেক বাড়বে বলে আমাদের ধারণা। উদ্বোধনের সময় প্রচুর বুকিংয়ের চাহিদা। ওই সময় প্রশাসনের পক্ষ থেকে একচেটিয়া হোটেল বুক করা হয়েছে। তাই ব্যাপক চাহিদা সত্ত্বেও রুম পাওয়া যাচ্ছে না।-নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ