• ধারাবাহিক হোক বা সিরিজ... পর্দায় আপনি তাঁকে অভিনয় করতে দেখেছেন। এবার অভিনেতা নীল ভট্টাচার্য অন্য ভূমিকায়। গান গাইলেন তিনি। মুক্তির অপেক্ষায় তাঁর নতুন মিউজিক ভিডিও ‘পুজো’। দুর্গাপুজোর আগেই ইউটিউবে মুক্তি পাচ্ছে গানটি। তরুণ প্রজন্ম অর্থাৎ জেন জি’র কথা মাথায় রেখেই গানটি তৈরি করেছেন নির্মাতারা। সুর করেছেন সঙ্গীত পরিচালক কুণাল সিনহা। যিনি গ্রুভ ভাই নামে বেশি পরিচিত। আন্তর্জাতিক পপ বিটের সঙ্গে দুর্গাপুজোর ঐতিহ্যবাহী ছন্দকে মিলিয়েছেন তিনি। নীলের পাশাপাশি এই মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন অভিনেত্রী ঈশা উপাধ্যায়। শ্যুটিং হয়েছে দুর্গাপুরে। উচ্ছ্বসিত নীল বলেন, ‘আমার কণ্ঠে গান মুক্তি পাচ্ছে। এটাই সবচেয়ে বড় আনন্দের বিষয়। শ্যুটিংয়ের অভিজ্ঞতাও দারুণ। আশা করি সবাই এই দুর্গাপুজোর গানকে আপন করে নেবেন।’ গানের কথা লিখেছেন সোহম মজুমদার। ভিডিও পরিচালকের দায়িত্বে অরুণিম দাস পুরকায়স্থ।



