‘বিজেপির নাম ভাঙিয়ে প্রভাব বিস্তারের চেষ্টা হলেই পদক্ষেপ’, হুঁশিয়ারি রাহুল সিনহার
  • ২৭ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: বিজেপির নাম ভাঙিয়ে দলে প্রভাব বিস্তারের চেষ্টা করছে একাংশ। তাঁদের বিরুদ্ধে উপযুক্ত সময়ে ব্যবস্থা নেওয়া হবে। বৃহস্পতিবার হাওড়ায় এসে এই ভাষাতেই বার্তা দিলেন বিজেপি সাংসদ রাহুল সিনহা। তাঁর কথায়, কিছু মানুষ বিজেপির মুখোশ পরে দলের নাম ব্যবহার করার চেষ্টা করছেন। বিষয়টির উপর দলের নজর রয়েছে। কোনো ধরনের অনিয়ম সামনে এলে কাউকেই রেয়াত করা হবে না। এদিন ‘গণতন্ত্র বাঁচাও, অরাজকতা হটাও’ স্লোগানকে সামনে রেখে বিজেপির হাওড়া জেলা সদরের উদ্যোগে একটি মিছিলের আয়োজন করা হয়। রামরাজাতলা থেকে শুরু হয়ে মিছিল শেষ হয় হাওড়া ময়দানে। তাতে রাহুল সিনহা ছাড়াও বিধায়ক রুদ্রনীল ঘোষ এবং হাওড়া সদরের বিজেপি নেতা-কর্মীরা অংশ নেন। মিছিল শেষে বিজেপি কর্মীদের উপর হামলার ঘটনা নিয়ে সিপিএমকে কাঠগড়ায় তোলেন রাহুল সিনহা। তাঁর অভিযোগ, রাজনৈতিক প্রচারের আলোয় আসতেই এই ধরনের ঘটনা ঘটানো হচ্ছে। বিজেপি হিংসায় বিশ্বাস করে না বলে দাবি করেন তিনি। পাশাপাশি, তৃণমূলকেও নিশানা করেন বিজেপি সাংসদ। তাঁর দাবি, তৃণমূল এখন সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে। কালীঘাটে এখন শুধু মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছেন।

Advertisement