Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

জাতীয় সড়কে দুর্ঘটনা, বাইকে ডাম্পারের ধাক্কায় মৃত্যু বধূর

স্বামী, মেয়ের সঙ্গে বাইকে চেপে ঝাড়গ্রাম যাচ্ছিলেন এক বধূ। কিন্তু যাওয়া আর হল না

জাতীয় সড়কে দুর্ঘটনা, বাইকে ডাম্পারের ধাক্কায় মৃত্যু বধূর
  • ৩ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, উলুবেড়িয়া: স্বামী, মেয়ের সঙ্গে বাইকে চেপে ঝাড়গ্রাম যাচ্ছিলেন এক বধূ। কিন্তু যাওয়া আর হল না। পথে তাঁদের বাইকের পিছনে এক ডাম্পার ধাক্কা দেওয়ায় মৃত্যু হল তাঁর। ফের এমন এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটল ১৬ নম্বর জাতীয় সড়কে। রবিবার সকালে, উলুবেড়িয়া থানার পানপুর মোড়ে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত বধূর নাম সীমা দত্ত (৩৮)। বাড়ি ঝাড়গ্রাম জেলার সাঁকরাইলে। যদিও তিনি হাওড়ার লিলুয়ায় থাকতেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন মৃতার স্বামী ও মেয়ে। 

Advertisement

তাঁরা উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গভর্নমেন্ট মেডিকেল কলেজে চিকিৎসাধীন। উলুবেড়িয়া থানার পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তে পাঠিয়েছে। সূত্রের খবর, তিন বাইক আরোহীর মাথাতেই হেলমেট ছিল।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে সীমাদেবী মেয়ে ও স্বামী মাধব দত্তের সঙ্গে বাইকে চেপে ঝাড়গ্রামের দিকে যাচ্ছিলেন। কিন্তু সকাল ৬টা নাগাদ পানপুর মোড়ের কাছে কোলাঘাট অভিমুখী একটি ডাম্পার পিছন দিক থেকে তাঁদের বাইকে ধাক্কা দিলে তিনজনেই রাস্তায় ছিটকে পড়েন। ডাম্পারের চাকা সীমাদেবীর মাথার উপর দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পুলিশ দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে উলুবেড়িয়া মেডিকেল কলেজে ভর্তি করে। পুলিশ ডাম্পারটিকে আটক করলেও ঘাতক চালক পলাতক। এদিকে, এই দুর্ঘটনার জেরে জাতীয় সড়কে তীব্র যানজট হয়। পরে পুলিশের হস্তক্ষেপে গাড়ি চলাচল স্বাভাবিক হয়। 

Advertisement
সম্পর্কিত সংবাদ