সংবাদদাতা, নাগরাকাটা: নাগরাকাটার লুকসানে ব্রিটিশ আমলে বানানো কুজি ডায়না সেতুটি ভেঙে নতুন করে তৈরি করা হবে। সেই কারণে পুরনো সেতুটি পোক্লেইন মেশিন দিয়ে কাটা হচ্ছে ক’দিন ধরেই। এদিন আচমকাই পোক্লেইন মেশিন সহ সেতু ভেঙে নদীবক্ষে পড়ে। এতে গুরুতর আহত হন মেশিন অপারেটর। তবে তিনি অল্পের জন্য প্রাণে বাঁচেন। মঙ্গলবার বিকেলে এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয়রাই মেশিন অপারেটর দীপঙ্কর দাসকে উদ্ধার করে মাল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যান। বর্তমানে সেখানেই তাঁর চিকিৎসা চলছে। ঘটনার পরই আসে নাগরাকাটা থানার পুলিশ। স্থানীয় বাসিন্দা মহম্মদ ইলিয়াস বলেন, আমার বাড়ি কুজি ডায়না নদীর পাশেই। বিকেলে হঠাৎ করে বিকট আওয়াজ শুনতে পাই। ঘর থেকে বেরিয়ে নদীর সামনে এসে দেখি সেতুর একাংশ ভেঙে পোক্লেইন মেশিন সহ অপারেটর নিচে পড়ে গিয়েছেন। আমরা সকলে মিলে তাঁকে উদ্ধার করে মাল সুপার স্পেশালিটিতে নিয়ে যাই। ছেলেটি চোট পেলেও অল্পের জন্য প্রাণে বেঁচেছে।



