নিজস্ব প্রতিনিধি, কলকাতা: চলতি গরমের মরশুমে তীব্র দাবদাহে সেভাবে পোড়েনি কলকাতা। জ্বালাপোড়া অসহ্য গরম দু’-একদিন ভুগিয়েছে বিভিন্ন জেলাকে। এই ‘স্বস্তি’র কারণে এবার গ্রীষ্মে এসি মেশিন বিক্রিতে ভাটা পড়েছে। তবে তাপমাত্রা খুব বেশি না চড়লেও ভ্যাপসা গরম থেকে রেহাই মিলছে না। তাই এসি বিক্রিতে এখনও আশার আলো দেখছেন বিক্রেতারা। তাঁদের বক্তব্য, যে আর্থিক সুবিধা এবার ক্রেতাদের দেওয়া হচ্ছে, তা অভূতপূর্ব। ক্রেতারা ইতিমধ্যে সেই সুযোগের সদ্ব্যবহার করতে নেমে পড়েছেন।
তুলনামূলক কম গরম বলেই এবার এসি বিক্রিও অপেক্ষাকৃত কম বলে মনে করছেন খোসলা ইলেকট্রনিক্সের অন্যতম কর্ণধার মণীশ খোসলা। তাঁর কথায়, ‘গত বছর সবচেয়ে বেশি চাপ ছিল এপ্রিলে। সেই তুলনায় মে মাসে কম এসি বিক্রি হয়েছিল। এবার ঠিক উল্টো। এপ্রিলে চাহিদা তেমন ছিল না। তবে চলতি মাসে বিক্রি বেড়েছে।’ মণীশবাবু জানান, এবার এসি কিনতে গিয়ে ক্রেতারা সবচেয়ে বেশি সুবিধা পাচ্ছেন। উদাহরণ দিয়ে তিনি বলেন, ‘আমরা গত সপ্তাহে চালু করেছিলাম একটি অফার, যেখানে দু’টি ইএমআই বা কিস্তি দিতে হবে না ক্রেতাদের। তার সঙ্গেই এবার চালু হল ২৪ মাসের ইএমআই স্কিম। এসি কিনতে কোনও ডাউন পেমেন্ট করতে হবে না। ক্রেতাকে টাকা মেটাতে হবে ২৪টি কিস্তিতে। অর্থাৎ ক্রেতার আর্থিক চাপ নেই বললেই চলে। ক্রেতারা ইতিমধ্যেই এই সুযোগ নিতে শুরু করেছেন।’ দু’বছরের ইএমআইয়ের সুবিধা ফ্রিজের জন্যও প্রযোজ্য বলে জানিয়েছেন মণীশবাবু। গতবার এসি ইনস্টলেশনের যে অসুবিধা ছিল, এবার তা না থাকায় ক্রেতারা চটজলদি পরিষেবা পাচ্ছেন বলেও দাবি করেন তিনি।
রাইপুর ইলেকট্রনিক্সের কর্ণধার রাজিন্দর সিং রাইপুরও জানিয়েছেন, গতবারের তুলনায় এবার এসির বাজার ৩০ থেকে ৪০ শতাংশ কম। বাজেট কম থাকলে ক্রেতারা অনেক সময় এসি ছেড়ে কুলারের দিকে ঝোঁকেন। কিন্তু এবার গরমই সার্বিকভাবে কম থাকায় কুলারও কিনতেও খুব বেশি আগ্রহ দেখা যায়নি। তাঁর বক্তব্য, ‘এবার কুলারের বাজার মার খেয়েছে প্রায় ৬০ শতাংশ। তবে সারা বছরই যেহেতু ফ্রিজের প্রয়োজনীয়তা থাকে, তাই তার বিক্রিবাটা অনেকটাই ভালো।’ তিনি আরও বলেন, ‘আমাদের এখান থেকে পণ্য কিনলে নানা আর্থিক সুরাহা তো মিলবেই। সেই সঙ্গে অন্যতম আকর্ষণ ভলভো বাসে দীঘা, পুরী, মন্দারমণি বা শিলিগুড়ি যাওয়ার বিনামূল্যের টিকিট। বাসগুলির সুবিধা হল, এতে অন্যান্য সুবিধার পাশাপাশি থাকছে বায়ো টয়লেট ও প্যান্ট্রি। যাত্রীরা চাইলেই গরম খাবার বা ঠান্ডা পানীয় নিতে পারবেন। ইতিমধ্যেই এই সুবিধা নেওয়ার জন্য ভালো সাড়া পড়েছে।’
জনপ্রিয় ইলেকট্রনিক্স পণ্য বিক্রেতা সংস্থা গ্রেট ইস্টার্ন ট্রেডিং কোম্পানিতেও ক্রেতাদের মন জয়ে থাকছে নানা সুবিধা। সুফলও মিলছে হাতেনাতে। ২৫ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক থেকে শুরু করে ইএমআইয়ে ছাড় সহ নানা অফারে ক্রেতাদের ৪১ হাজার টাকা পর্যন্ত সুবিধা মিলতে পারে বলে দাবি এই সংস্থার। কেনাকাটার সঙ্গে থাকছে বিনামূল্যে নানা উপহারও। সব মিলিয়ে এসি সহ অন্যান্য বৈদ্যুতিন সামগ্রীর বাজারে যে অফারগুলি চালু আছে, তাতে ক্রেতাদের আর্থিক সুরাহা নিশ্চিত বলেই দাবি সংশ্লিষ্ট মহলের।