সংবাদদাতা, শিলিগুড়ি: ‘গণতন্ত্র বাঁচাও, অরাজকতা হটাও’ স্লোগানকে সামনে রেখে বৃহস্পতিবার শিলিগুড়িতে মিছিলের ডাক দিয়েছিল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। সেই মতো দুপুরে বাঘাযতীন পার্ক থেকে মিছিল শুরু হয়ে হিলকার্ট রোড ধরে এসডিও অফিস পর্যন্ত যায়। এই মিছিলকে কেন্দ্র করে দুপুরে কার্যত অবরুদ্ধ হয়ে পড়ে শহরের বিস্তীর্ণ এলাকা। তীব্র যানজটের জেরে চরম ভোগান্তির শিকার হয় সাধারণ মানুষ। বিশেষ করে স্কুল ছুটির পর বাড়ি ফেরার পথে দীর্ঘক্ষণ স্কুলবাসের মধ্যে আটকে থাকতে হয় পড়ুয়াদের।
দেশবন্ধুপাড়া, বাবুপাড়া, রবীন্দ্রনগর, হাকিমপাড়া থেকে শুরু করে হিলকার্ট রোড পর্যন্ত বিভিন্ন রাস্তায় যানবাহনের দীর্ঘলাইন পড়ে যায়। স্কুলবাসের পাশাপাশি বহু ছোটো-বড়ো গাড়িও যানজটে আটকে পড়ে। দীর্ঘক্ষণ বাসের মধ্যে বসে থেকে বিরক্তি প্রকাশ করে বহু ছাত্রছাত্রী। মিছিলের কর্মসূচি ঘিরে সাধারণ মানুষের এই দুর্ভোগ নিয়ে প্রশ্নও উঠতে শুরু করে।
এদিনের কর্মসূচি প্রসঙ্গে এবিভিপির রাজ্য সম্পাদক অনিকেত দে সরকার বলেন, যাঁরা গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত হতে পারছেন না, তাঁরাই গণতন্ত্রকে উপেক্ষা করে পরিবেশ নষ্ট করার চেষ্টা করছেন। নানা ধরনের অপপ্রচার চালানো হচ্ছে। দেশবিরোধী শক্তি মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে। এই অরাজকতার বিরুদ্ধে এবং সাধারণ মানুষকে সচেতন করতেই এবিভিপির এই মিছিল।
উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ১০ হাজার ছাত্রছাত্রী সমাবেশে যোগ দেবেন বলে সংগঠনের তরফে দাবি করা হয়েছিল। তবে কর্মসূচিতে বাস্তবে কতজন উপস্থিত হয়েছিলেন, তা নিয়ে বিভিন্ন মহলে সংশয় দেখা দিয়েছে।



