Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

আবাসের তালিকা থেকে মায়ের নাম বাদ দেওয়ার আবেদন গলসির প্রধানের

আবাসের তালিকা থেকে মায়ের নাম বাদ দেওয়ার আবেদন গলসির প্রধানের
  • ১২ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, মানকর: আবাস যোজনার তালিকায় মায়ের নাম দেখে ব্লক আধিকারিকের কাছে তা বাদ দেওয়ার আবেদন করলেন খোদ পঞ্চায়েত প্রধান। সোমবার এই ঘটনাটি ঘটেছে গলসি-২ ব্লক অফিসে। গলসি পঞ্চায়েতের প্রধান কমল রুইদাস এদিন বিডিওর কাছে লিখিতভাবে মায়ের নাম বাতিলের আবেদন করেছেন। আবাস যোজনার উপভোক্তাদের তালিকায় পঞ্চায়েতের প্রধান কমল রুইদাসের মা ভাদু রুইদাসের নাম রয়েছ। কমলবাবু সোমবার বিডিও-র কাছে লিখিতভাবে জানিয়েছেন, তাঁরা ঘর নিতে চান না। তাঁর পাকা বাড়ি রয়েছে। তাই নাম বাতিল করা হোক। তিনি বলেন, ২০১৮ সালে যখন সমীক্ষা হয়েছিল তখন আমরা মাটির বাড়িতে থাকতাম। মা মে মাসে প্রয়াত হয়েছেন। আমি ও দাদা শ্যামল রুইদাস দু’জনেরই পাকাবাড়ি রয়েছে। যদিও আমার বাড়ি এখনও সম্পূর্ণ হয়নি। অনেকে রয়েছেন এই ঘর পাওয়ার যোগ্য। আমরা তাই প্রকল্প থেকে নাম বাদ দেওয়ার জন্য আবেদন করেছি। বিজেপি নেতা রমন শর্মা বলেন, এইসব দেখিয়ে তৃণমূল মানুষকে ভুল বোঝাচ্ছে। বিষয়টি নিয়ে গলসির বিধায়ক নেপাল ঘোড়ুই বলেন, তৃণমূলের যাঁরা প্রশাসনে রয়েছেন তাঁদের সকলের মানসিকতা প্রকৃত প্রাপকরা যেন বাড়ি পান। আমরাও তৎপর রয়েছি। প্রধানকে ধন্যবাদ। উনি মানবিক মুখ দেখিয়েছেন।
Advertisement
সম্পর্কিত সংবাদ