Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

আবাসের তালিকা দেখতে চাওয়ায় পঞ্চায়েত অফিস থেকে বিতারিত

আবাসের তালিকা দেখতে চাওয়ায় পঞ্চায়েত অফিস থেকে বিতারিত
  • ১৬ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, তুফানগঞ্জ: ‘বাংলার বাড়ি’ প্রকল্পের তালিকায় নাম রয়েছে কি না, তা দেখতে যাওয়ায় পঞ্চায়েত দপ্তর থেকে গালিগালাজ করে তাড়িয়ে দেওয়া হল জনা কয়েক মহিলা তৃণমূল কর্মী সমর্থককে। এমনই অভিযোগ বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে। এনিয়ে ক্ষিপ্ত মহিলা কর্মী সমর্থকরা অবিলম্বে প্রধান মনোরঞ্জন বাড়িয়ার অপসরণের দাবিতে পথ অবরোধ করেন। রবিবার ঘটনাটি ঘটে বক্সিরহাট থানার শালবাড়ি ২ গ্রাম পঞ্চায়েতের হরিপুর কামাখ্যাগুঁড়ি তল্লিগুঁড়ি চৌপথীতে। প্রায় দু’ঘণ্টা ধরে চলে অবরোধ। ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়ায় এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থল এসে পৌঁছয় পুলিস। পরবর্তীতে পুলিসের আশ্বাসে অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা। রবিবার গ্রাম পঞ্চায়েত দপ্তরের সামনে গ্রাম সভা বসে। সভা চলাকালীন মহিলা তৃণমূল কংগ্রেস কর্মীরা দাবি করেন, তাদের অনেকেই ঘর পাওয়ার যোগ্য হলেও তালিকায় নাম নেই। সে সময় তাদেরকে পঞ্চায়েত দপ্তরে যেতে বলা হয়। বিক্ষোভকারী জয়া রাভা, কোকিলা ডাকুয়ারা বলেন, গ্রামসভা চলাকালীন আবাসের তালিকায়  নাম রয়েছে কি না,  তা জানতে চেয়েছিলাম। আমাদেরকে জানানো হয় গ্রাম পঞ্চায়েত দপ্তরে তালিকা ঝোলানো রয়েছে। সে সময় আমরা দপ্তরে গেলে বিজেপির প্রধান ও পঞ্চায়েত সদস্যরা আমাদের অকথ্য ভাষায় গালিগালাজ করে সেখান থেকে বের করে দেন। প্রধানের অপসারণ চেয়ে বিক্ষোভে শামিল হয়েছি। যদিও শালবাড়ি ২ গ্রাম পঞ্চায়েতের বিজেপির প্রধান মনোরঞ্জন বাড়িয়া বলেন, ভিত্তিহীন অভিযোগ।
Advertisement
সম্পর্কিত সংবাদ