নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: আবাসের প্রথম কিস্তির টাকা পাইয়ে দেওয়ার টোপ দিয়ে অনলাইন পেমেন্টের মাধ্যমে ১ হাজার ৫৮ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে সাইবার প্রতারকের বিরুদ্ধে। আরামবাগের কাষ্ঠদহি এলাকার বাসিন্দা ৪৯ বছরের অভিজিৎ দে শনিবার এব্যাপারে আরামবাগ থানায় অভিযোগ জানিয়েছেন। অভিজিৎবাবু বলেন, আবাসের জন্য মায়ের নামে আবেদন করা হয়। এখনকার তালিকায় নাম নেই। কিন্তু, বিডিও অফিস থেকে বলছে বলে একজন ফোন করে। সে জানায়, মায়ের আবাস তালিকায় নাম রয়েছে। প্রথম কিস্তির টাকা দেওয়া হবে। কিন্তু, ব্যাঙ্ক অ্যাকাউন্টে ন্যূনতম টাকা না থাকায় কিস্তি ঢুকছে না। সেই জন্য অনলাইন পেমেন্ট অ্যাপের মাধ্যমে এক হাজার টাকা জমা করতে হবে। তারপর ৬০ হাজার টাকা দেওয়া হবে বলে জানায়। সেই সময় আমার অ্যাকাউন্ট থেকে অনলাইনে এক হাজার ৫৮ টাকা দু’টি দফায় পাঠাই। কিন্তু তারপরেও কিস্তির টাকা আসেনি। তখন বুঝতে পারি প্রতারিত হয়েছি। থানায় অভিযোগ জানিয়েছি। আরও অনেকের সঙ্গে এরকম ঘটনা ঘটে থাকতে পারে বলে আমার অনুমান।



