সংবাদদাতা, রামপুরহাট: আবাস যোজনায় বেনিয়মের অভিযোগে মঙ্গলবার নলহাটি-১ বিডিও অফিসে অবস্থান বিক্ষোভ করল সিপিএমের শ্রমিক, কৃষক ও ক্ষেতমজুর সংগঠন। পাশাপাশি প্রকৃত গৃহহীনদের নাম নভিভুক্তকরণের দাবিও তোলেন তাঁরা। এদিন উপস্থিত ছিলেন সিপিএমের জেলা সম্পাদক মণ্ডলীর অন্যতম সদস্য সঞ্জীব বর্মন, নলহাটি এরিয়া কমিটির সম্পাদক প্রশান্ত মণ্ডল প্রমুখ। এদিন তাঁরা মিছিল করে বিডিও অফিসের সামনে জড়ো হয়ে অবস্থান বিক্ষোভ শুরু করেন। পরে বিডিওর সঙ্গে দেখা করে স্মারকলিপি তুলে দেন। প্রশান্তবাবু বলেন, ২০২২ সালে আবাসের যে তালিকা প্রকাশ করা হয়েছিল, আর এখন যে তালিকা ধরে সার্ভে চলছে তাতে ৩০ শতাংশ আবেদনকারীর নাম বাদ রয়েছে। অনেকে এর আগে বাড়ি পেয়েছেন। বর্তমান তালিকায় তাঁদের নাম স্থান পেয়েছে। কিন্তু মাটির বাড়িতে বসবাস করে এমন বহু দুঃস্থ মানুষের নাম বাদ পড়েছে। তালিকায় ব্যাপক বেনিয়ম হয়েছে। আমাদের দাবি, শুধুমাত্র প্রকৃত মানুষই এই প্রকল্পের সুবিধা পাক। বিডিও বলছেন অযোগ্যদের নাম তালিকা থেকে বাদ যাবে। সেটা না করা হলে বৃহত্তর আন্দোলনে নামব।
Advertisement
যদিও বিডিও সৌরভ মেহেতা বলেন, তালিকা প্রকাশের পর সাতদিন সময় থাকবে। সেই সময়ের মধ্যে অভিযোগ জানানো যাবে। তাছাড়া তালিকা গ্রামসভা থেকে পাশ হয়ে আসবে। তাই তাঁদের কাছে অনেক জায়গা আছে অভিযোগ জানানোর। সেটা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।



