নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: আবাসের বকেয়া বিল পাইয়ে দেওয়ার টোপ দিয়ে এক ব্যক্তির টাকা হাতানোর অভিযোগ উঠল মাল পুরসভার জনৈক অস্থায়ী কর্মীর বিরুদ্ধে। বৃহস্পতিবার এনিয়ে মালবাজারের মহকুমা শাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন আব্দুল হান্নান নামে এক প্রৌঢ়। ঘটনায় মালবাজারে আলোড়ন ছড়িয়েছে।
Advertisement
যদিও অভিযুক্ত ওই অস্থায়ী পুরকর্মীর বক্তব্য, আমার বিরুদ্ধে মিথ্যে অভিযোগ করা হচ্ছে। যিনি অভিযোগ করছেন, তাঁর কাছেই আমি টাকা পাই। চেক নেওয়ার ব্যাপারে অবশ্য ওই পুরকর্মীর দাবি, যিনি অভিযোগ করেছেন, তাঁর সঙ্গে আমি এ ব্যাপারে কথা বলে নেব। মাল পুরসভার ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আব্দুল হান্নানের অভিযোগ, আবাস যোজনায় তাঁর অ্যাকাউন্টে এখনও পর্যন্ত এক লক্ষ টাকা ঢুকেছে। বকেয়া টাকা পাইয়ে দেওয়ার নাম করে মাল পুরসভার ওই অস্থায়ী কর্মী তাঁর সই করিয়ে দু’টি চেক নিয়ে যান। সরল বিশ্বাসে তিনি চেক দিয়ে দেন। কিন্তু দীর্ঘদিন পরও আবাসের বকেয়া টাকা না পেয়ে ব্যাঙ্কে খোঁজ করতে জানতে পারেন, তাঁর অ্যাকাউন্ট থেকে চেক মারফত ২৮ হাজার টাকা তুলে নেওয়া হয়েছে। মাল পুরসভার অস্থায়ী কর্মীকে তিনি যে দু’টি চেক দিয়েছিলেন, তার মধ্যে একটি চেক দিয়ে ওই টাকা তোলা হয়েছে বলে দাবি হান্নানের।



