সংবাদদাতা, হরিশ্চন্দ্রপুর: বাড়ির সামনে আবর্জনা ফেলাকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে সংঘর্ষে জখম আটজন। শনিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর হাইস্কুল পাড়ায়। আক্রান্তরা হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন। দু’পক্ষই হরিশ্চন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কৃষ্ণ মহলদারের বাড়িতে পঞ্চায়েত থেকে বসানো হয়েছে সাবমার্সিবল। শনিবার সন্ধ্যায় মিষ্টু পাসওয়ানের স্ত্রী পলি সাবমার্সিবল থেকে জল নিয়ে আসার সময় সামান্য কৃষ্ণের ভাই রাম মহলদারের বাড়ির দরজার সামনে পড়ে যায়। এতেই ক্ষেপে ওঠে কৃষ্ণ ও রামের পরিবার। অভিযোগ, রাম শৌচালয়ের নোংরা তুলে মিষ্টু ও তাঁর প্রতিবেশী নয়নের বাড়ির সামনে ছিটিয়ে দেন। তাঁরা প্রতিবাদ করলে রাম ও কৃষ্ণ সহ পরিবারের লোকেরা লাঠি ও ধারালো অস্ত্র দিয়ে মারধর করে জখম করে দেয়। আক্রান্ত নয়ন বলেন, রামের বাড়ির দরজার সামনে জল পড়েছিল। তখন তারা আবর্জনা ছিটিয়ে এই কাণ্ড ঘটিয়েছে। মিষ্টুর স্ত্রীকে মারধর করছিল তারা। প্রতিবাদ করতে গেলে আমাকে ও পরিবারের লোক সহ ছ’জনকে মারধর করেছে। নাবালিকা মেয়েকে বাড়ি থেকে টেনেহিঁচড়ে নিয়ে গিয়ে মারধর করা হয়।
অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন রাম। তিনি বলেন, ইচ্ছাকৃতভাবে আমার বাড়ির সামনে জল ফেলে ঝামেলা পাকিয়েছে। বলতে গেলে তারাই গালিগালাজ করে। দু’পক্ষের মধ্যে হাতাহাতি হয়েছে। তবে আমার ভাই ও বউদিকে মারধর করে জখম করে দিয়েছে তারা। দু’জন হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি।
Advertisement
হরিশ্চন্দ্রপুর থানার আইসি মনোজিৎ সরকার বলেন, দু’পক্ষই অভিযোগ দায়ের করেছে। তদন্ত চলছে।



