নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: হুগলি জেলায় প্রায় তিন হাজার অঙ্গনওয়াড়ি কেন্দ্রে এলপিজি জ্বালানি গ্যাসের সংযোগ দেবে প্রশাসন। কোন কোন অঙ্গনওয়াড়ি কেন্দ্রে উপযুক্ত পরিকাঠামো রয়েছে, তা জানতে খোঁজ শুরু হয়েছে। ইতিমধ্যে রাজ্যের তরফে সব জেলাতেই এলপিজি গ্যাস সংযোগ দেওয়ার ব্যাপারে নির্দেশিকা জারি হয়েছে। সেইমতো কাজ শুরু হয়েছে হুগলি জেলার আরামবাগ মহকুমাতেও। মহকুমার সব ব্লকেই বাছাই করা কিছু অঙ্গনওয়াড়ি কেন্দ্রে জ্বালানি গ্যাসের সংযোগ দেওয়া হবে। জেলায় ৬৭০৮টি অঙ্গনওয়াড়ি কেন্দ্র রয়েছে। তারমধ্যে প্রাথমিক ধাপে প্রায় ২৯০০টি কেন্দ্রে গ্যাস সংযোগ দেওয়ার পরিকল্পনা নিয়েছে প্রশাসন।
আইসিডিএস-হুগলি জেলা প্রজেক্ট অফিসার প্রান্তিক ঘোষ বলেন, আপাতত প্রায় তিন হাজার কেন্দ্রে গ্যাসের সংযোগ দেওয়া হবে বলে স্থির হয়েছে। টেন্ডার অনুযায়ী ৫৩৪টির মধ্যে ৭২টি সিঙ্গেল বার্নারের সরবরাহ হয়েছে। মহকুমা স্তরে পুনরায় টেন্ডার হবে। তারসঙ্গে প্রতি মাসে রিফিলিংয়ের তহবিল এলে পুরোদস্তুর প্রকল্পটি চালু হয়ে যাবে। আরামবাগের সিডিপিও সায়ন্তন জোয়ারদার বলেন, আরামবাগ ব্লকে প্রায় ২০০টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে গ্যাস সংযোগ দেওয়ার প্রাথমিক পরিকল্পনা নেওয়া হয়েছে। ওভেনের সরবরাহ এলে তা কেন্দ্রগুলিতে পাঠানো হবে। পাশাপাশি কে, কীভাবে জ্বালানি গ্যাস বুক করবেন? রিফিলিংয়ের টাকা কীভাবে দেওয়া হবে? সেইসব নিয়ে নির্দিষ্ট গাইড লাইন এলে প্রকল্প চালু হবে। গোঘাটের এক আধিকারিক বলেন, আমরা কিছু ওভেন পেয়েছি। বাকিগুলি এলে তা প্রয়োজনীয় পরিকাঠামো রয়েছে এমন কেন্দ্রে সরবরাহ করা হবে।
অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স অ্যান্ড হেল্পার সংগঠনের নেত্রী আরামবাগের মধুমিতা ভট্টাচার্য বলেন, অনেক অঙ্গনওয়াড়ি কেন্দ্রের নিজস্ব ভবন নেই। তাছাড়া নিত্যদিন কেন্দ্রগুলিতে রান্না হয় ঘুঁটে, কাঠের জ্বালানিতে। বর্ষার সময় সেইসব জ্বালানি নিয়ে সমস্যায় পড়তে হয় কর্মী সহায়িকাদের। সেগুলি বৃষ্টির জলে ভিজে যায় বা নষ্ট হয়ে যায়। কেন্দ্রগুলিতে জ্বালানি গ্যাসের সংযোগ দেওয়া হবে বলে শুনেছি। কিন্তু, এখনও এই ব্যাপারে পূর্ণাঙ্গ বিবরণ পাওয়া যায়নি। তবে জ্বালানি গ্যাসের সংযোগ হলে অনেকটাই সুবিধা হবে।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে শিশু ও প্রসূতিদের পুষ্টির জন্য প্রকল্প চালানো হয়। সেখানে নিত্যদিন খিচুড়ি সহ অন্যান্য পদ রান্না করেন সহায়িকারা। সেই খাবার খায় শিশু ও প্রসূতিরা। কেন্দ্রগুলিতে রান্না করার জন্য জ্বালানির বরাদ্দ দেয় প্রশাসন। তবে এবার কেন্দ্রগুলিতে জ্বালানি গ্যাসের সংযোগ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে সেখানে দুর্ভোগ মিটতে পারে। তারসঙ্গে সুরক্ষার জন্য অগ্নি নির্বাপণ ব্যবস্থা রাখারও পরিকল্পনা নিচ্ছে প্রশাসন। রাজ্যের তরফে দেওয়া নির্দেশিকায় বলা হয়েছে, ২৩টি জেলায় ৮০হাজারের বেশি কেন্দ্রে এলপিজি জ্বালানি সংযোগ দেওয়ার জন্য প্রয়োজনীয় পরিকাঠামো গড়ে তুলতে হবে। এমনকী, ওভেন রাখার জন্য অপেক্ষাকৃত উঁচু জায়গার বন্দোবস্তও করতে হবে। এক সিডিপিও বলেন, ওভেন সহ অন্যান্য সামগ্রীর সরবরাহ স্বাভাবিক হলে চিহ্নিত হওয়া কেন্দ্রগুলিতে তা রাখার জন্য পরিকাঠামো গড়া হবে। তবে কার নামে গ্যাসের সংযোগ হবে, তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি।