নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: আগামীকাল শনিবার শালতোড়ায় জনসভা করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ওইদিন দুপুরে শালতোড়া কলেজ ময়দানে সভা হবে। অভিষেকের সভার আগে জেলা তৃণমূলে সাজো সাজো রব। বৃহস্পতিবার বাঁকুড়ার সাংসদ অরূপ চক্রবর্তী শালতোড়ায় সভার মাঠ পরিদর্শন করেন। তাঁর সঙ্গে শালতোড়া ব্লক তৃণমূল সভাপতি সন্তোষকুমার মণ্ডল সহ অন্যান্য তৃণমূল নেতারা ছিলেন। অভিষেকের সভায় লক্ষাধিক জনসমাগম করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে বলে তৃণমূল নেতৃত্ব জানিয়েছে। কলকাতায় ইডির অভিযানের পর শালতোড়ার সভার গুরুত্ব অনেক বেড়ে গিয়েছে। বিজেপির গড়ে দাঁড়িয়ে অভিষেক দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে কী বার্তা দেন, সেদিকেই সকলে তাকিয়ে রয়েছেন। অরূপবাবু বলেন, কলকাতায় ইডি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ভাবে হানা দেওয়ার পর তৃণমূলকর্মীরা আরও বেশি করে একজোট হয়ে গিয়েছেন। প্রবল ঠান্ডা উপেক্ষা করে তাঁরা অভিষেকের সভায় যোগ দিতে মুখিয়ে রয়েছেন। শালতোড়ায় সভামঞ্চ তৈরির কাজ চলছে। তা দেখতেই এদিন থেকে বহু মানুষ ভিড় জমাচ্ছেন। সভার মাঠে মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তাঁদের বক্তব্য, বিজেপি কেন্দ্রীয় এজেন্সিকে তৃণমূলের বিরুদ্ধে লেলিয়ে দিয়েও কিছু করতে পারবে না। শালতোড়া তথা বাঁকুড়া থেকে এবার বিজেপির বিদায় নিশ্চিত। বিজেপির বাঁকুড়া সাংগঠনিক জেলার সভাপতি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বলেন, ইডির হানার সঙ্গে বিজেপির কোনও সম্পর্ক নেই। তৃণমূল কিছু না করে থাকলে, পুলিশ এদিন ফাইল সরিয়ে ফেলল কেন? আগামী বিধানসভা নির্বাচনে সমগ্র বাঁকুড়ার সঙ্গে শালতোড়াতেও আমরা ভালো ফল করব।



