সংবাদদাতা, রামপুরহাট : বাংলায় সম্প্রীতির বার্তা দিয়ে বীরভূমে জনসভার মঞ্চে উঠবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী ৬ জানুয়ারি তিনি রামপুরহাটে আসবেন। প্রথমে তিনি যাবেন তারাপীঠ মন্দিরে। সেখান থেকে যাবেন রামপুরহাটের মনসুবা মোড়ের মাজারে। তার পর দুপুর একটা নাগাদ উঠবেন জনসভার মঞ্চে।
রবিবার সভাকে ঘিরে জোর প্রস্তুতি শুরু করে দিল জেলা প্রশাসন। রামপুরহাটের জাতীয় সড়কের ধারে বিনোদপুর সংলগ্ন মাঠে জনসভা করবেন অভিষেক। সকালে সেই মাঠ পরিদর্শন করেন দলের জেলা চেয়ারম্যান আশিস বন্দ্যোপাধ্যায়, রামপুরহাট পুরসভার চেয়ারম্যান সৌমেন ভকত, শহর সভাপতি অর্ণব গঙ্গোপাধ্যায়, মহকুমা পুলিশ আধিকারিক গোবিন্দ সিকদার, রামপুরহাট থানার আইসি পুলক মণ্ডল প্রমুখ। সভায় বীরভূমের পাশাপাশি পূর্ব ও পশ্চিম বর্ধমান, জঙ্গিপুর, বহরমপুর থেকেও দলের নেতা-কর্মী সমর্থকরা আসবেন। ভিড় নিয়ন্ত্রণ করার যাবতীয় প্রস্তুতি তাঁরা খতিয়ে দেখেন। কোথায় স্টেজ ও গাড়ি পার্কিং হবে সেইসব ঘুরে দেখেন। দলীয় সূত্রে খবর, হেলিকপ্টারে আসবেন অভিষেক। রামপুরহাটের কিষানমাণ্ডির স্থায়ী হেলিপ্যাডে অথবা তারাপীঠ ঢোকার আগে চিলামাঠে তাঁর হেলিকপ্টার অবতরণ করবে। সেখান থেকে সড়ক পথে যাবেন তারাপীঠ মন্দির ও মাজারে। দু’দিন আগে ছাব্বিশের বিধানসভা নির্বাচন নিয়ে দলের নেতা-কর্মীদের ভার্চুয়ালি বার্তা দিয়েছেন তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড। এসআইআর প্রক্রিয়ার মধ্যে রাজ্যজুড়ে ‘মানবে না হার, তৃণমূল আবার’ স্লোগানকে সামনে রেখে মেগা জনসভা করার কথা ঘোষণা করেছিলেন তিনি। সেই কর্মসূচির অঙ্গ হিসেবে বীরভূমে সভা করতে আসছেন তিনি।
দলীয় নেতৃত্বরা জানান, কেন্দ্রের বঞ্চনা সত্বেও মুখ্যমন্ত্রী হাজার হাজার মানুষকে সরকারি বাড়ি দিয়েছেন। একশো দিনের বকেয়া টাকা মিটিয়েছেন। ৯৬টি প্রকল্পের সুবিধা প্রদান সহ সর্বত্র উন্নয়নের বন্যা বইয়ে দিয়েছেন। ওইদিন সভায় দলের সর্বভারতীয় নেতা কেন্দ্রের বঞ্চনা নিয়ে সরব হবেন। সেই সঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনের রণকৌশল নিয়েও বার্তা দেবেন কর্মীদের। জানা গিয়েছে, তারাপীঠ, রামপুরহাট সহ কয়েক কিমি জুড়ে ‘বাঁচতে চাই, বিজেপি বাই’, ‘মানবে না হার, তৃণমূল আবার’ এই দুটি স্লেগান হোডিং, ফ্লেক্স আকারে ছয়লাপ করে দেওয়া হবে।
এদিন মাঠ পরিদর্শন শেষে আশিসবাবু বলেন, বীরভূম ছাড়াও বাকি আরও চারটি জায়গা থেকে দলের নেতা-কর্মী, সমর্থক মিলিয়ে লক্ষাধিক মানুষ সভায় উপস্থিত থাকবেন। সময় অল্প। সভাস্থল, গাড়ি পার্কিং, পানীয় জলের ব্যবস্থা সহ নানাবিধ ঘুরে দেখা হল। ওইদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় এই জেলার ১১টি বিধানসভাতেই জয় নিশ্চিত করতে কর্মীদের বার্তা দেওয়ার পাশাপাশি রণকৌশল বাতলে দেবেন।
এদিকে আজ, সোমবার বিকেলে জেলা কোর কমিটির কনভেনর অনুব্রত মণ্ডল সহ সকল সদস্য সভাস্থল পরিদর্শনে আসবেন। পরে তারাপীঠ ঢোকার আগে একটি হোটেলে কোর কমিটির সদস্যরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জেলা সফর নিয়ে বৈঠক করবেন। জেলা পুলিশ সুপার আমনদীপ বলেন, এখনও পর্যন্ত অফিসিয়ালি কিছু পাইনি। তবে প্রত্যেকবার নিরাপত্তা ব্যবস্থা যেমন থাকে, তেমনি করা হবে।