Bartaman Logo
৬ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

চোখের চিকিৎসার জন্য অভিষেক বিদেশ যাওয়ার অনুমতি পেলেন না, মামলাই খারিজ করল হাইকোর্ট

ডায়মন্ডহারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চোখের চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি দিল না কলকাতা হাইকোর্ট।

চোখের চিকিৎসার জন্য অভিষেক বিদেশ যাওয়ার অনুমতি পেলেন না, মামলাই খারিজ করল হাইকোর্ট
  • ৬ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি কলকাতা: ‌ডায়মন্ডহারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চোখের চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি দিল না কলকাতা হাইকোর্ট। সুপ্রিম কোর্ট অভিষেকের মামলা ফেরত পাঠানোর পর বুধবার সেটির শুনানিতে বিচারপতি সৌগত ভট্টাচার্যের সিঙ্গল বেঞ্চ জানায়, চিকিৎসা সংক্রান্ত মতামত নেওয়ার জন্য বৃহস্পতিবার অভিষেককে এসএসকেএম হাসপাতালে যেতে হবে। সেখানকার চক্ষু বিভাগের প্রধান একটি মেডিকেল বোর্ড গঠন করে চিকিৎসার জন্য অভিষেকের বিদেশযাত্রার প্রয়োজনীয়তা খতিয়ে দেখবেন। কিন্তু অভিষেকের আইনজীবী জানান, তাঁর মক্কেল এসএসকেএমে যাবেন না। এই বক্তব্য শোনার পর পুরো মামলাই খারিজ করে দেন বিচারপতি ভট্টাচার্য। সেই সঙ্গে অভিষেকের বিদেশযাত্রা প্রসঙ্গে একাধিক প্রশ্নও তুলেছে আদালত। 

Advertisement

চোখের চিকিৎসার জন্য অভিষেকের বিদেশযাত্রার প্রয়োজনীয়তা নিয়ে বুধবার হাইকোর্টে সওয়াল করেন তাঁর আইনজীবী অয়ন ভট্টাচার্য এবং রেবেকা ম্যামেন জন। রেবেকা বলেন, ‘এর আগেও ইডির একটি মামলায় তাঁকে বিদেশে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছিল। সেই বিষয়টি সুপ্রিম কোর্টেও উঠেছিল এবং চিকিৎসার জন্য বিদেশে যেতে দিতে কেন্দ্রের অতিরিক্ত সলিসিটর জেনারেলের কোনো আপত্তি ছিল না।’ অভিষেকের আইনজীবীর সওয়ালের প্রেক্ষিতে বিচারপতি ভট্টাচার্য বলেন, ‘আপনার মক্কেলের বিরুদ্ধে আরও কয়েকটি মামলা বিচারাধীন রয়েছে। সেগুলির শুনানিও চলছে। আপনার মক্কেল বিদেশে গেলে সেই মামলাগুলির শুনানির কী হবে?’ সেই সঙ্গে বিচারপতি বলেন, ‘অভিষেকের চিকিৎসা হওয়া অবশ্যই জরুরি। কিন্তু সেই চিকিৎসা যদি কলকাতা বা ভারতের অন্য কোনো জায়গায় সম্ভব হয়, তাহলে বিদেশে যাওয়ার প্রয়োজন নেই।’ এরপরই বিচারপতি বলেন, ‘আমি কলকাতার অন্যতম প্রধান সরকারি হাসপাতাল এসএসকেএম-এর চক্ষু বিভাগকে একটি বিশেষজ্ঞ মেডিকেল বোর্ড গঠনের নির্দেশ দেব। ওই বোর্ড বৃহস্পতিবার দুপুর ২টোয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পরীক্ষা করবে এবং একটি রিপোর্ট জমা দেবে। যদি ওই মেডিকেল বোর্ডের মত হয় যে, এই সমস্যার চিকিৎসা ভারতে সম্ভব, তাহলে এখানেই চিকিৎসা করাতে হবে। আর যদি বোর্ড জানায় যে ভারতে এই চিকিৎসা সম্ভব নয়, তা হলে বিদেশে যাওয়ার বিষয়টি বিবেচনা করা হবে।’ কিন্তু তাতে রাজি হননি অভিষেকের আইনজীবী। তিনি জানান, তাঁর মক্কেল এসএসকেএমে যাবেন না। তখন মামলাটি খারিজ করে দেন বিচারপতি ভট্টাচার্য।

Advertisement
সম্পর্কিত সংবাদ