


নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: পাণ্ডুয়ার সভা থেকে দলীয় প্রার্থীর জন্য ৪০ হাজার ভোটের ব্যবধান চাইলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পালটা গর্জন করে ভিড় জানিয়ে দিল, পঞ্চাশ হাজার ভোটের ব্যবধান দেওয়া হবে। শনিবার পাণ্ডুয়া রাইস মিলের মাঠে দলীয় প্রার্থী সমীর চক্রবর্তীর সমর্থনে সভা করতে এসেছিলেন অভিষেক। শুরু থেকেই তিনি ছিলেন আত্মবিশ্বাসী এবং আক্রমণাত্মক। যত সময় গিয়েছে তৃণমূলের তরুণ তুর্কি নেতা সেই মেজাজ ছড়িয়ে দিতে পেরেছিলেন ভিড়ে ঠাসা মাঠে। আর তার জেরে উদ্দীপ্ত ভিড় নেতার প্রত্যাশাকে ছাপিয়ে ব্যবধান বাড়ানোর প্রতিজ্ঞা করেছে।
একে রাইসমিল মাঠ ছিল ঘিরে ঠাসা সঙ্গে ছিল তুমুল আগ্রহ আর উদ্দীপনা। মহিলা থেকে পুরুষ, তরুণ থেকে বৃদ্ধ সকলের মধ্যে বিপুল উন্মাদনা ছিল দেখার মত। নির্ধারিত সময়ের দু’ঘণ্টা পরে সভা শুরু হলেও জমাটি ভিড় কখনো হালকা হয়নি। এমনকি সভা শেষের পরেও উপস্থিত জনতা অভিষেকের পিছু পিছু হেলিপ্যাড পর্যন্ত গিয়েছে। বারবার জয় বাংলা স্লোগানে মুখরিত হয়েছে সভা। উদ্বেল হয়েছেন তরুণী থেকে বৃদ্ধা মহিলা।
এ দিনের সময় নানা মেজাজ দেখা গিয়েছে অভিষেক কে। তেমনই মেজাজ বদলেছে মাঠের ভিড়ও। মঞ্চে সেই মুষ্টিবদ্ধ হাত ছুড়ে জয় বাংলা বলেছেন অভিষেক। অগণিত নারী পুরুষ সমস্বরে জয় বাংলা বলে স্লোগনা তুলেছেন। অভিষেক প্রতিশ্রুতি দিয়েছেন, বিজেপি প্রার্থীকে আক্রমণ করেছেন। আওয়াজ তুলে সমর্থন দিয়েছে ভিড়। বিজেপি প্রার্থী তুষার মজুমদারের বিরুদ্ধে ভাঁওতা দেওয়ার অভিযোগ তুলেছেন অভিষেক। তিনি বলেন, ‘ধনেখালি থেকে হারিয়ে পাঠিয়েছি। তাই পাণ্ডুয়ায় লড়তে এসেছে। আগে নিজেকে ডাক্তার বলে পরিচয় দিত। এখন আর নামের আগে ডাক্তার বসায় না। চোর চিটিংবাজ জুমলাবাজ মানুষের সঙ্গে প্রতারণাকারীরা বিজেপি করে। পদ্মপার্টিকে ৪০ হাজারের ব্যবধানে হারিয়ে দিন।’ তুষার অবশ্য বলেন, আমি এর কৈফিয়ত অভিষেককে দেব না।
এদিন প্রতিশ্রুতিও দিয়েছেন অভিষেক। বলেছেন, আমি ধনেখালিতে কথা দিয়েছিলাম ৫০ কোটি টাকার কাজ হবে। সেখানে ৬৯ কোটি টাকার কাজ করা হয়েছে। আমি কথা দিয়ে যাচ্ছি, পাণ্ডুয়ায় ১৫০ কোটি টাকার গ্রামীণ রাস্তা করে দেব। উল্লাসে হইহই করে উঠেছে মাঠ ভরতি ভিড়। পাণ্ডুয়া বিধানসভায় কাজের দায়িত্ব আমার। তিনি আরও বলেন পান্ডুয়ায় আমাদের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের পুরানো সৈনিক। সৎ সুন্দর কাজের মানুষ। ভিড়ের সঙ্গে গলা ফাটিয়েছেন সিমলাগড়ের কাশ্মীরা বেগম। চার বছরের ছেলেকে কোলে নিয়ে লাফিয়ে উঠেছেন গলা ফাটিয়ে বলেছেন কিচ্ছু করেনি। এভাবেই আন্দোলিত হয়েছে। জনজোয়ারে বাড়তি তরঙ্গ এনেছেন অভিষেক।