Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

ওয়ান ডে দলে সুযোগ পেতে পারেন অভিষেক

এশিয়া কাপে দুরন্ত ফর্মে রয়েছেন বাঁ-হাতি ওপেনার অভিষেক শর্মা। পাঁচ ইনিংসে ৪৯.৬০ গড়ে তাঁর সংগ্রহ ২৪৮। স্ট্রাইক রেট অবিশ্বাস্য, ২০৬.৬৬!

ওয়ান ডে দলে সুযোগ পেতে পারেন অভিষেক
  • ২৫ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

দুবাই: এশিয়া কাপে দুরন্ত ফর্মে রয়েছেন বাঁ-হাতি ওপেনার অভিষেক শর্মা। পাঁচ ইনিংসে ৪৯.৬০ গড়ে তাঁর সংগ্রহ ২৪৮। স্ট্রাইক রেট অবিশ্বাস্য, ২০৬.৬৬! প্রতি ম্যাচেই নির্বাচকদের আস্থার মর্যাদা রাখতে সফল তিনি। সুপার ফোরে পাকিস্তানের বিরুদ্ধে তাঁর ব্যাটেই লেখা হয়েছিল ঝলমলে জয়ের কাহিনি। অভিষেক করেছিলেন ৭৪ রান। আর বুধবার বাংলাদেশের বিরুদ্ধে ৩৭ বলে এল ৭৫। মারলেন ছয়টি চার এবং পাঁচটি ছক্কা। এই আসরে দুরন্ত ধারাবাহিকতার পরিচয়ও রেখেছেন তিনি। 

Advertisement

শুধু চলতি এশিয়া কাপেই নয়, বছরের গোড়ায় ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজেও তিনি ভরসা দিয়েছিলেন দলকে। এই মুহূর্তে আইসিসি’র টি-২০ র‌্যাঙ্কিংয়ে ব্যাটারদের তালিকাতেও অভিষেক শীর্ষে। তাঁর প্রশংসায় উচ্ছ্বসিত বিশেষজ্ঞরা। ক্রিকেটবিশ্বে নতুন তারকার আবির্ভাব হিসেবেই দেখা হচ্ছে ২৫ বছর বয়সিকে। সেই কারণেই এবার টিম ইন্ডিয়ার ওডিআই দলে ঢোকার প্রবল দাবিদার তিনি।
আগামী অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ার মাটিতে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ খেলবে ভারত। ওই সিরিজে চোখ থাকবে বিরাট কোহলি, রোহিত শর্মার উপরেও। শোনা যাচ্ছে, অভিষেকও নাকি ডনের দেশে একদিনের দলে জায়গা পেতে পারেন। আসলে কোচ গৌতম গম্ভীর বাঁ হাতি ওপেনারের পারফরম্যান্সে খুব খুশি। তাছাড়া, রোহিত শর্মার বিকল্প খোঁজার কাজ চলছে। নির্বাচকদের একাংশ মনে করছেন, অভিষেককে দিয়ে ওয়ান ডে ফরম্যাটেও ওপেন করানো সম্ভব। দ্রুত গতিতে রান তোলার ব্যাপারে তাঁর জুড়ি মেলা ভার। তাছাড়া প্রয়োজনে পার্টটাইম স্পিনারের কাজটাও করে দিতে পারবেন।
ওয়ান ডে দলে অভিষেক সুযোগ পেলে যশস্বী জয়সওয়ালের কী হবে, এই প্রশ্নটাও বড় হয়ে দেখা দিয়েছে। যশস্বীকে নিয়ে খুব একটা স্বাচ্ছন্দ্যবোধ করেন না কোচ গম্ভীর।

Advertisement
সম্পর্কিত সংবাদ