সংবাদদাতা, ইটাহার: অভিষেক বন্দ্যোপাধ্যায়কে স্বাগত জানাতে সাজো সাজো রব ইটাহারে। প্রায় তিন হাজার হোর্ডিং, ব্যানার ও কাটআউট এবং ১০ হাজার দলীয় পতাকায় ছয়লাপ এলাকা। রোডশোয়ের রুট থেকে হেলিপ্যাড মিলিয়ে প্রায় ৩০টি সিসি ক্যামেরা লাগানো হয়েছে ইটাহার ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে মঙ্গলবার ইটাহার বিডিও অফিস প্রাঙ্গণে বৈঠক করেন পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা।
৭ জানুয়ারি দুপুরে হেলিকপ্টারে ইটাহার হাইস্কুল মাঠে নামবেন অভিষেক। তারপর তিনি যোগ দেবেন রোড শোয়ে। দলীয় সূত্রে খবর, ইটাহারের সরাইদিঘি ১২ নম্বর জাতীয় সড়ক থেকে শুরু করে ইটাহার সদর এলাকা পর্যন্ত রোড শো হবে। এরপর তিনি চলে যাবেন মালদহে।
এদিন আইসি গৌতম চৌধুরী, ব্লক সভাপতি কার্তিক দাস, যুব নেতা মোজাফফর হোসেনকে সঙ্গে নিয়ে প্রস্তুতি খতিয়ে দেখেন বিধায়ক মোশারফ হোসেন। পাশাপাশি, ইটাহার হাইস্কুল মাঠে হেলিপ্যাড পরিদর্শন করেন জেলা পরিষদের সভাধিপতি পম্পা পাল ও করণদিঘির বিধায়ক গৌতম পাল। এছাড়া অভিষেকের কর্মসূচিকে কেন্দ্র করে দফায় দফায় মোশারফের সঙ্গে বৈঠক করেন জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল সহ জেলা তৃণমূল নেতৃত্বর। মোশারফ বলেন, পুলিশ, প্রশাসনের সঙ্গে যোগাযোগ রেখে আমরা ইটাহারে সাংসদের কর্মসূচিকে সফল করতে তৈরি।
এদিকে আজ বালুরঘাট সফরে আসবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপির গড় বলে পরিচিত বালুরঘাট। বিধানসভার পর লোকসভা নির্বাচনেও হারতে হয়েছে তৃণমূলকে। সেই বালুরঘাটেই আসছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা দলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিধানসভা নির্বাচন নিয়ে তিনি কী বার্তা দেন, সেদিকেই তাকিয়ে জেলা নেতৃত্ব। আজ, বুধবার সকাল সাড়ে ১১টায় বালুরঘাট বিমানবন্দরে হেলিকপ্টার থেকে নেমে অভিষেক সোজা যাবেন পতিরামের লক্ষ্মীপুরের পরিযায়ী শ্রমিক অসিত সরকারের বাড়িতে। তাঁকে বাংলাদেশি তকমা দিয়ে সাত মাস মহারাষ্ট্রের জেলে রাখা হয়েছিল। সেই পরিবারের সঙ্গে কথা বলবেন অভিষেক। এরপরেই তিনি ফিরবেন বিমানবন্দরে। সেখানে ডাকা হবে এসআইআর আতঙ্কে মৃত কুমারগঞ্জের ওসমান মণ্ডলের পরিবারকে। এছাড়াও অভিষেক দেখা করবেন এরকম আরও কিছু পরিবারের সঙ্গে। দলীয় কর্মীদের সঙ্গে বিমানবন্দরেই আলাপ, আলোচনা করার কথা রয়েছে। সেখানে কারা উপস্থিত থাকবেন, সেই তালিকা তৈরি করে ফেলেছে দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল নেতৃত্ব। দলের জেলা সভাপতি সুভাষ ভাওয়াল বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সফর ঘিরে চূড়ান্ত প্রস্তুতি চলছে। জেলার দুই শ্রমিক ভিনরাজ্যে বিনা দোষে জেলে ছিলেন। আরও এক ব্যক্তি এসআইআর আতঙ্কে আত্মহত্যা করেছেন। ওই পরিবারগুলির সঙ্গে কথা বলবেন অভিষেক।