Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বসিরহাট সাংগঠনিক জেলা নেতৃত্বের সঙ্গে আলোচনায় অভিষেক, বিভিন্ন বিধানসভায় ব্লক স্তরের সংগঠন নিয়ে তীব্র মতপার্থক্য তৃণমূলের বৈঠকে

দলের বৈঠকেই বসিরহাট সাংগঠনিক জেলার তৃণমূল নেতাদের নিয়ে তীব্র মতপার্থক্য সামনে এল।

বসিরহাট সাংগঠনিক জেলা নেতৃত্বের সঙ্গে আলোচনায় অভিষেক, বিভিন্ন বিধানসভায় ব্লক স্তরের সংগঠন নিয়ে তীব্র মতপার্থক্য তৃণমূলের বৈঠকে
  • ১৭ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দলের বৈঠকেই বসিরহাট সাংগঠনিক জেলার তৃণমূল নেতাদের নিয়ে তীব্র মতপার্থক্য সামনে এল। ব্লক, টাউনের সভাপতি বাছাই থেকে শুরু করে যুব, মহিলা, আইএনটিটিইউসি সংগঠনে দায়িত্ব দেওয়ার জন্য একাধিক নাম উঠে আসে। বেশ কয়েকটি ক্ষেত্রে নেতাদের মতের অমিল ঘটে। সূত্রের খবর, বিষয়টি এমন জায়গায় পৌঁছয় যে বৈঠকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেই বলেন, ব্লকের সভাপতি বাছাইয়ের ক্ষেত্রে এত সমস্যা অন্য কোনও জেলায় হয়নি। মঙ্গলবার বসিরহাট সাংগঠনিক এলাকার তৃণমূল নেতাদের নিয়ে কলকাতায় বৈঠক করেন তৃণমূলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৈঠকে ছিলেন দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সিও। ব্লক ও টাউন সভাপতি বাছাই নিয়ে একাধিক বিধায়ক ও জেলা সভাপতির মধ্যে তীব্র মতপার্থক্য ঘটে। বিধায়ক ও জেলা সভাপতির তরফে ভিন্ন নাম দেওয়া হয়। বাদুড়িয়া বিধানসভার একাধিক ব্লকের ক্ষেত্রে এই মতবিরোধ হয়েছে বলে খবর। এছাড়া, মিনাখাঁ, সন্দেশখালি, হাড়োয়া, বসিরহাট, হিঙ্গলগঞ্জের ক্ষেত্রেও সমস্যা হয়েছে। বসিরহাট টাউন ও টাকি টাউনের ক্ষেত্রে সভাপতি নির্বাচনে সমস্যা দেখা দেয়। দলীয় সূত্রে খবর, সবাই নিজের লোককে সভাপতি করার উপর প্রস্তাব রাখেন। এই অবস্থা দেখে কিছুটা অসন্তোষ প্রকাশ করেন অভিষেক। বৈঠকে তিনি বলেন, ‘আমার লোক তোমার লোক হবে না। দল যাঁকে দায়িত্ব দেবে, তাঁকেই মেনে নিতে হবে। একসঙ্গে চলতে হবে।’ সূত্রের খবর, মিনাখাঁর বিধায়কের কাজকর্ম নিয়ে তৃণমূলের শীর্ষ নেতৃত্বের কাছে পুঙ্খানুপুঙ্খ খবর রয়েছে। বৈঠকে তাঁকে কার্যত সচেতন ও সতর্ক করে দেওয়া হয়েছে। অভিষেক সাফ জানিয়ে দিয়েছেন, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ শিবিরে জনপ্রতিনিধিদের সময় দিতেই হবে। শুধু ছবি তোলার জন্য গেলে হবে না। 

Advertisement

এদিনের বৈঠকে বাবু মাস্টারের প্রসঙ্গও ওঠে। তিনি তৃণমূলে ফিরতে চাইছিলেন বলে খবর। কিন্তু তাঁকে দলে নেওয়া হবে না বলে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে। শেখ শাহজাহানের ঘনিষ্ঠদের পদ প্রাপ্তির প্রসঙ্গও ওঠে। সূত্রের খবর, অভিষেক এ প্রসঙ্গে বলেছেন, কারও বাড়িতে ইডি, সিবিআই গেল মানেই তিনি দোষী প্রমাণিত হয়ে গেলেন, এমনটা নয়। এদিন ডায়মন্ডহারবার-যাদবপুর সাংগঠনিক জেলার তৃণমূল নেতাদের নিয়েও বৈঠক করেছেন অভিষেক। যে সমস্ত বুথে তৃণমূল পিছিয়ে রয়েছে, সেখানে বাড়তি নজর দিতে বলা হয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ