সংবাদদাতা, পুরুলিয়া: আজ, শুক্রবার বরাবাজারের মৃত পরিযায়ী শ্রমিকের বাড়িতে আসছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবারই পুনে থেকে মৃতদেহ বরাবাজারের বাঁধডি গ্রামে আসার কথা রয়েছে। বাংলায় কথা বলার অপরাধে এরাজ্যের একের পর এক পরিযায়ী শ্রমিককে নৃশংসভাবে খুন হতে হচ্ছে। নৃশংসভাবে এই খুনের ঘটনায় ইতিমধ্যেই সোচ্চার হয়েছে জেলা তৃণমূল নেতৃত্ব। মৃতের পরিবারের পাশে থাকার বার্তা দিতে পুরুলিয়ায় আসছেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড।বরাবাজার ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বজিৎ মাহাত বলেন, পুনের নৃশংস ঘটনার কথা শোনার পরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবাদে সরব হন। আজ অভিষেক নিজে বাঁধডিতে সুখেন মাহাতর বাড়িতে আসবেন। তড়িঘড়ি সব প্রস্তুতি নেওয়া হয়েছে। মৃতদেহ আজই গ্রামে এসে পৌঁছাবে। বিজেপির পুরুলিয়া জেলা সভাপতি শংকর মাহাত বলেন, সমস্ত মৃত্যুই দুঃখজনক। এরকম ঘটনা কাম্য নয়। কিন্তু, ওকে মহারাষ্ট্রে কাজ করতে যেতে হল কেন? গত ১৫ বছর ধরে তৃণমূল রাজ্যে ক্ষমতায় রয়েছে। তৃণমূল ও রাজ্য সরকারকেই জবাব দিতে হবে, কেন ওই শ্রমিককে অন্য রাজ্যে কাজ করতে যেতে হল। তৃণমূল নিজেদের দুর্বলতা ঢাকতে বিষয়টি নিয়ে রাজনীতি করছে। মৃত্যুর প্রকৃত তদন্ত হওয়া দরকার।মহারাষ্ট্রের পুনেতে পরিযায়ী শ্রমিক সুখেন মাহাতর মৃত্যুর খবর পাওয়ার পরই বুধবার গভীর রাতে জেলা তৃণমূলের নেতারা গ্রামে গিয়ে পরিবারকে সমবেদনা জানান। বৃহস্পতিবার জেলা তৃণমূলের কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে তাঁরা ক্ষোভ উগরে দেন। সেখানে উপস্থিত ছিলেন মন্ত্রী সন্ধ্যারানি টুডু, সভাধিপতি নিবেদিতা মাহাত, জেলা আইএনটিটিইউসির সভাপতি উজ্জ্বল কুমার প্রমুখ উপস্থিত ছিলেন।



