নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ১৫ বছরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের উন্নয়নের রিপোর্ট কার্ড প্রকাশিত হয়েছে। সেই রিপোর্ট কার্ড নিয়ে এবার সমাজের বিশিষ্টজনের বাড়ি যাবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ, বুধবার স্বনামধন্য অভিনেতা রঞ্জিত মল্লিকের বাড়িতে যাবেন অভিষেক। রঞ্জিত মল্লিকের হাতে অভিষেক তুলে দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে পাঠানো চিঠি। সেইসঙ্গে উত্তরীয় দিয়ে অভিনেতাকে বরণ করবেন অভিষেক।
বিধানসভা নির্বাচনকে সামনে রেখে উন্নয়নের পাঁচালি শীর্ষক কর্মসূচি নিয়েছে তৃণমূল। রিপোর্ট কার্ড নিয়ে রাজ্যের সর্বত্র প্রচার কর্মসূচি শুরু করে দিয়েছে তৃণমূল। একইসঙ্গে কলকাতা সহ রাজ্যের ১৮০০ বিশিষ্ট ব্যক্তিকে চিহ্নিত করা হয়েছে, যাঁদের বাড়িতে যাচ্ছেন মন্ত্রী ও সাংসদরা। উন্নয়নের পাঁচালির স্মারক তুলে দেওয়া হচ্ছে সমাজের বিশিষ্টদের কাছে ও রাজ্যের কোথায় কী উন্নয়ন হয়েছে তার বিস্তারিত তথ্য জানানো হচ্ছে। সেই সূত্রে অভিষেক রিপোর্ট কার্ড নিয়ে বিশিষ্টজনের বাড়িতে যেতে চলেছেন। পরবর্তী সময়ে আরও কয়েকজন বিশিষ্টজনের বাড়িতে যাওয়ার পরিকল্পনা রয়েছে অভিষেকের।