নয়াদিল্লি: আধার কার্ডে নাম ভুল অথবা ভুল ঠিকানা ছাপা হয়েছে, এটি কোনও নতুন বিষয় নয়। হাজারে হাজারে মানুষের এই সমস্যা রয়েছে। গত কয়েকমাসে আধার আপডেটশনের বিনামূল্যের সুযোগকে কাজে লাগিয়ে, অনেকই সেই ভুল শুধরেও নিয়েছে। কিন্তু, এবার সময় শেষের পথে। বিনামূল্যে আধার আপডেট করার সময়সীমা রয়েছে আর মাত্র ৭ দিন। ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া-র প্রদত্ত তথ্য অনুযায়ী ১৪ জুন, ২০২৫-এ এই সময়সীমা শেষ হচ্ছে। চাইলে এরপরেও আধার আপডেট করা যাবে, কিন্তু তার জন্য পকেটের কড়ি খরচ করতে হবে।
উল্লেখ্য বিষয় হল, ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া ১০ বছরেরও বেশি পুরনো আধার কার্ডগুলি বিনামূল্যে আপডেট করার সময়সীমা এর আগে একাধিকবার বৃদ্ধি করেছে। শেষবার ১৪ ডিসেম্বর ২০২৪ থেকে ১৪ জুন ২০২৫ পর্যন্ত ছয় মাসের জন্য এই সময়সীমা বৃদ্ধি করা হয়েছিল। এরপর আধার কার্ড আপডেট করার জন্য নির্ধারিত চার্জ ৫০ টাকা দিতে হবে।
তবে জরুরি বিষয় হল, মাইআধার পোর্টালের মাধ্যমে শুধুমাত্র কয়েকটি পরিষেবাই পাওয়া যায়। যদি কোনও ব্যক্তি, আধার কার্ডের আইরিস বা বায়োমেট্রিক ডেটা আপডেট করাতে চান, সেক্ষেত্রে তাঁকে আধার কেন্দ্রে যেতে হবে।