নিজস্ব প্রতিনিধি, হাওড়া: বিরিয়ানি কিনতে যাওয়া যুবককে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপানোর অভিযোগ উঠল হাওড়ার আন্দুল রোডের লিচুবাগানে। গুরুতর জখম অবস্থায় যুবক হাওড়া জেলা হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয়দের অভিযোগ, লিচুবাগান এলাকায় মাঝেমধ্যেই মারামারি ও গণ্ডগোলের ঘটনা ঘটছে। ফলে সন্ধ্যার পর এলাকায় বেরতে ভয় পাচ্ছেন বাসিন্দাদের একাংশ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, লিচুবাগান নিউ বস্তির বাসিন্দা নিহাল খান গতকাল রাতে বন্ধু অসীম আক্রমকে সঙ্গে নিয়ে বাড়ির কাছেই বকুলতলায় একটি বিরিয়ানির দোকানে গিয়েছিলেন। অভিযোগ, সেখানে আচমকা তাঁদের উপর চড়াও হয় কাজিপাড়ার বাসিন্দা চার যুবক। প্রথমে তাঁদের মারধর করা হয় বলে অভিযোগ। এরপর নিহালের উপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালানো হয়। তাঁকে লক্ষ্য করে এলোপাথাড়ি কোপানো হয় বলে অভিযোগ। রক্তাক্ত অবস্থায় নিহালকে ঘটনাস্থলে ফেলে অভিযুক্তরা পালিয়ে যায়। পরে তাঁকে উদ্ধার করে হাওড়া জেলা হাসপাতালে ভরতি করা হয়। তাঁর আঘাত গুরুতর বলে পরিবার সূত্রে জানা গিয়েছে। ঘটনার পর নাজিরগঞ্জ ফাঁড়িতে অভিযুক্তদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়। পরিবারের অভিযোগ, ঘটনার পর বেশ কিছুটা সময় পেরিয়ে গেলেও কাউকে গ্রেপ্তার করা হয়নি। অভিযুক্তরা এলাকায় প্রকাশ্যেই ঘুরে বেড়াচ্ছে বলেও দাবি তাঁদের।
অন্যদিকে, ঘটনার পর এলাকায় আতঙ্ক আরও বেড়েছে। বাসিন্দাদের একাংশের অভিযোগ, লিচুবাগানে বেশ কিছুদিন ধরেই অশান্তির পরিবেশ রয়েছে। ছোটোখাটো গণ্ডগোল থেকেও পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে উঠছে। পরিবার ও শিশুদের নিয়ে এলাকায় থাকতেও নিরাপত্তাহীনতায় ভুগছেন অনেকে। এলাকায় শান্তি ফেরাতে পুলিশি নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন বাসিন্দারা। ঘটনার তদন্ত শুরু করেছে নাজিরগঞ্জ থানার পুলিশ।