নিজস্ব প্রতিনিধি, হাওড়া: প্রিয় নেতার সঙ্গে একবার দেখা করার আশায় ২৮ দিন ধরে পায়ে হেঁটে অন্ধ্রপ্রদেশ থেকে বাংলায় এসেছিলেন তিনি। দীর্ঘ পথের ক্লান্তি, রাত কাটানোর অনিশ্চয়তা, কিছুই দমাতে পারেনি তাঁকে। কিন্তু শনিবার নবান্নের দরজায় পৌঁছেও শেষপর্যন্ত দেখা হয়নি বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে। অ্যাপয়েন্টমেন্ট না-থাকায় নিরাপত্তারক্ষীদের কাছ থেকে ফিরতে হয় ৩৬ বছরের চন্দ্রশেখর নাইডুকে। তবে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার জন্য আরও তিনদিন অপেক্ষা করবেন বলে জানিয়েছেন তিনি।
অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলম জেলার বাসিন্দা চন্দ্রশেখর পেশায় নির্মাণ শ্রমিক। বাড়িতে বাবা-মা, স্ত্রী ও দুই সন্তান। সংসারের দায়িত্ব সামলেও তাঁর এই দীর্ঘ পদযাত্রায় বাধা দেননি পরিবারের সদস্যরা। জাতীয় পতাকা হাতে শনিবার বিকেলে হাওড়ার নবান্নের কাছে পৌঁছান তিনি। সঙ্গে ছিল একটি ছোটো প্ল্যাকার্ড। তাতে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ছবি। কেন এই দীর্ঘ পদযাত্রা? চন্দ্রশেখরের কথায়, দেশে অনুপ্রবেশ রুখতে সীমান্ত সুরক্ষার দিকে নজর দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানাতেই তাঁর এই বাংলায় আসা। বাংলায় বিজেপিকে ক্ষমতায় আনার জন্য রাজ্যবাসীকেও অভিনন্দন জানান তিনি। পূর্বতন মুখ্যমন্ত্রীর সমালোচনাও করেন ওই যুবক। তাঁর দাবি, বিজেপি দেশের স্বার্থে কাজ করে এবং দেশের উন্নয়ন ও নিরাপত্তাকে গুরুত্ব দেয়।
নবান্নে পৌঁছে নিরাপত্তারক্ষীদের সঙ্গে কথা বললেও অনুমতি মেলেনি। চন্দ্রশেখর জানান, অ্যাপয়েন্টমেন্ট না-থাকলে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করা সম্ভব নয় বলে তাঁকে জানানো হয়। এরপর অনেকক্ষণ অপেক্ষা করেও নিরাশ হয়ে ফিরতে হয়। এই ২৮ দিনে দিনের বেলায় হেঁটেছেন, রাতে কখনো মন্দির, কখনো বাসস্ট্যান্ড কিংবা রেলস্টেশনে আশ্রয় নিয়েছেন তিনি। বাংলার মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের আশা পূরণ নাহলেও রবিবার দক্ষিণেশ্বরে রাজ্যবাসীর মঙ্গলকামনায় পুজো দেন চন্দ্রশেখর। এরপর অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গেও দেখা করার ইচ্ছা রয়েছে বলে জানিয়েছেন তিনি। ২০২৭ সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে যোগী আদিত্যনাথ ফের ক্ষমতায় ফিরুন, সেই কামনাও প্রকাশ করেছেন অন্ধ্রপ্রদেশের এই যুবক।



