Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

লুটপাটে জড়িত এক মহিলাও, ভাবাচ্ছে শিলিগুড়ি পুলিসকে

দম্পতির বেশে জুয়েলারি দোকানে প্রবেশ। স্বামীর পরনে শার্ট, প্যান্ট। আর স্ত্রীর সবুজ শাড়ি। মাথায় ঘোমটা। হাতে শাঁখা,  পলা

লুটপাটে জড়িত এক মহিলাও, ভাবাচ্ছে শিলিগুড়ি পুলিসকে
  • ২৩ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: দম্পতির বেশে জুয়েলারি দোকানে প্রবেশ। স্বামীর পরনে শার্ট, প্যান্ট। আর স্ত্রীর সবুজ শাড়ি। মাথায় ঘোমটা। হাতে শাঁখা,  পলা। তারা গয়না দেখতে ব্যস্ত। পরপর আরও পাঁচজনের প্রবেশ। নিমেষের মধ্যে স্বমূর্তি ধারণ করে অপারেশন চালায় গ্যাংটি। এই প্রথম মহিলাদের ব্যবহার করে ডাকাতি শিলিগুড়িতে। যা ভাবিয়ে তুলেছে পুলিসকে। তদন্তকারীদের সন্দেহ, এটা স্থানীয় নয়, ভিনরাজ্যের গ্যাং। এর খোঁজে সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়েছে পুলিস। শিলিগুড়ির ডেপুটি পুলিস কমিশনার (পূর্ব) রাকেশ সিং বলেন, ঘটনার সমস্ত দিক গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হচ্ছে।

Advertisement

মহিলা পকেটমারের বহুবার হদিশ মিলেছে। মাদক পাচারেও মিলেছে মহিলা যোগ। কিন্তু এই প্রথম শিলিগুড়িতে সরাসরি মহিলাদের ব্যবহার করে সোনার দোকানে ডাকাতি করা হয়েছে। পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই দুষ্কৃতী দলে ছিল সাতজন। যার মধ্যে দু’জন মহিলা। দলটি দু’টি ভাগে দোকানে প্রবেশ করে। অপারেশনের সময় মহিলারাও বন্দুক বের করেছিল বলে অভিযোগ। দোকানের কর্মচারীদের মারধর করে লুটপাট চালানো হয়। দোকানের কর্মচারী রক্ষীত দেবনাথ বলেন, ওই দলে দু’জন মহিলা ছিল। ওদের দেখে প্রথম অবস্থায় কোনও সন্দেহ হয়নি।
ঘটনার পর দোকানের সিসি ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণ করে পুলিস কর্তাদের চোখ কার্যত কপালে উঠেছে। প্রাথমিকভাবে গোয়েন্দাদের একাংশ বলেন, এর আগে শিলিগুড়ি সহ উত্তরবঙ্গে ‘ডাকাত দলে’ সরাসরি মহিলাদের উপস্থিতি পাওয়া যায়নি। সুতরাং, এটা ভিনরাজ্যের গ্যাং বলেই অনুমান। অপারেশনের সময় সকলে হিন্দিতে কথা বলছিল। সম্ভবত এটা বিহারের গ্যাং। অথবা, বিহার, উত্তরপ্রদেশ ও ঝাড়খণ্ডের দুষ্কৃতীরা মিলিতভাবে গ্যাংটি তৈরি করেছে। আর গ্যাংয়ের মহিলারা সম্ভবত প্রশিক্ষিত। এই গ্যাং এখানে ভাড়া থেকে রেইকি করার পর বা স্থানীয় দুষ্কৃতীদের সহযোগিতায় এমন অপারেশন চালিয়েছে বলেই সন্দেহ। পুলিসের এক অফিসার জানান, এধরনের ডাকাত দল আগে কোথায় অপারেশন চালিয়েছে, কীভাবে বাইক জোগাড় করেছে-এসব প্রশ্নের উত্তর খোঁজা হচ্ছে।
চাঞ্চল্যকর এই ঘটনার পর ঝাঁপিয়েছে শিলিগুড়ি পুলিস। ইতিমধ্যে পুলিস কমিশনার সি সুধাকর থানায় গিয়ে আটক দুষ্কৃতীদের জেরা করেন। এছাড়া, ঘটনার কিনারা করতে দু’জন ডিসিপি, এসিপি, থানা, স্পেশাল অপারেশন গ্রুপ, গোয়েন্দা বিভাগ (ডিডি) যৌথভাবে ময়দানে ঝাঁপিয়েছে। শিলিগুড়ি শহরের পাশাপাশি বিহার ও নেপাল সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে। নাকা তল্লাশি চলছে।  সিসি ক্যামেরায় ধরা পড়েছে মহিলা ডাকাতের ছবি। 

Advertisement
সম্পর্কিত সংবাদ