Bartaman Logo
২৫ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

পুলিশ কর্মীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিয়ে একগুচ্ছ নির্দেশিকা

পুলিশ কর্মীদের সোশ্যাল  মিডিয়া ব্যবহার করা নিয়ে একগুচ্ছ নির্দেশিকা জারি করল লালবাজার। যেখানে গোপন তথ্য প্রকাশ করা থেকে বিরত থাকতে বলা হয়েছে।

পুলিশ কর্মীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিয়ে একগুচ্ছ নির্দেশিকা
  • ২০ ফেব্রুয়ারি, ২০২৬ ১৬:০২
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পুলিশ কর্মীদের সোশ্যাল  মিডিয়া ব্যবহার করা নিয়ে একগুচ্ছ নির্দেশিকা জারি করল লালবাজার। যেখানে গোপন তথ্য প্রকাশ করা থেকে বিরত থাকতে বলা হয়েছে। কারা সোশ্যাল মিডিয়ায় কলকাতা পুলিশের তরফে বক্তব্য রাখবেন, তা উল্লেখ করা হয়েছে। নির্দেশে স্পষ্টই লালবাজার জানিয়েছে, কোনও পুলিশকর্মী সোশ্যাল মিডিয়ায় কিছু পোস্ট করার আগে সতর্ক থাকবেন। কারণ যা পোস্ট করা হয়েছে, তা কিন্তু সহজেই রিট্রিভ করা যায়। এই নির্দেশিকা থানা সহ কলকাতা পুলিশের সমস্ত বিভাগে পাঠানো হয়েছে। 

Advertisement

লালবাজারের কর্তাদের নজরে এসেছে, কলকাতা পুলিশে কর্মরত পুলিশ কর্মীদের একাংশ সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের পোস্ট করছেন। অনেকেই বিভিন্ন বিষয় নিয়ে তর্কে জড়াচ্ছেন। কেউ কেউ আবার ডিউটি করার ছবি বা বিভিন্ন তথ্য পোস্ট করছেন সোশ্যাল মিডিয়ায়। পুলিশ কর্মীদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে রাশ টানতে এবার পদক্ষেপ করল লালবাজার। বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়া ব্যবহার নিয়ে ১৫ দফা নির্দেশিকা জারি করেছেন পুলিশ কমিশনার সুপ্রতিম সরকার। তাতে বলা হয়েছে, কোনও পুলিশকর্মী ব্যক্তিগত অ্যাকাউন্ট, মেসেজিং অ্যাপ বা কোনও ডিজিটাল প্ল্যাটফর্মে গোপনীয় বা স্পর্শকাতর কোনো বিষয় প্রকাশ করতে পারবেন না। একইসঙ্গে তদন্তের কৌশল, তথ্যপ্রমাণ বা তদন্ত নিয়ে কোনও কথা লিখতে পারবেন না সোশ্যাল মিডিয়ায়। এমনকি, অভিযুক্তের সম্পর্কে আগেভাগে কোনো মন্তব্য করা থেকেও বিরত থাকতে নির্দেশ এসেছে। সরকারের পলিসি, স্কিম বা রাজনৈতিক বক্তব্য নিয়ে কোনো মন্তব্য করা যাবে না সোশ্যাল মিডিয়ায়। যা পুলিশ কর্মীদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলতে পারে। একইসঙ্গে সরকারি কোনো অনুষ্ঠান বা অন্য কোনো বিভাগ নিয়ে বিরূপ মন্তব্য করা থেকে বিরত থেকে নির্দেশ দিয়েছে লালবাজার। এরসঙ্গে ইনসপেকশন, ডিউটি করার ছবি, ভিজিট বা অপারেশনাল কার্যকলাপের কোনও বিষয় সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করা থেকে দূরে থাকতে হবে। বলা হয়েছে, কোনো পুলিশকর্মী অপেশাদারভাবে কোনো অনলাইন তর্কে যেন না জড়ান। যদি কেউ এই নির্দেশ না পালন না করেন, তাহলে সংশ্লিষ্টের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে লালবাজার।

Advertisement
সম্পর্কিত সংবাদ