Bartaman Logo
৮ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

বিজেপি নেতাকে ‘নির্দল’ প্রার্থী হিসাবে চাইছেন দলের একাংশ! শোরগোল বারাসতে

রাজ্যের বিভিন্ন প্রান্তের মতো বারাসতেও প্রার্থী নিয়ে বিজেপির ‘অসন্তোষ’ অব্যাহত। শুধু তাই নয়, বারাসত বিজেপিতে সেই অসন্তোষের ফাটল ক্রমেই চওড়া হচ্ছে।

বিজেপি নেতাকে ‘নির্দল’ প্রার্থী হিসাবে চাইছেন দলের একাংশ! শোরগোল বারাসতে
  • ২২ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত: রাজ্যের বিভিন্ন প্রান্তের মতো বারাসতেও প্রার্থী নিয়ে বিজেপির ‘অসন্তোষ’ অব্যাহত। শুধু তাই নয়, বারাসত বিজেপিতে সেই অসন্তোষের ফাটল ক্রমেই চওড়া হচ্ছে। এখানে দলীয় প্রার্থী শংকর চট্টোপাধ্যায়কে ‘না পসন্দ’ পদ্মপার্টির একটি বড় অংশের। তাঁর জায়গায় বারাসতের ‘ভূমিপুত্র’ তথা বিজেপির পোড়খাওয়া নেতা তাপস মিত্রকে নির্দল প্রার্থী করতে তৎপর হয়েছেন দলের নেতা-কর্মীদেরই একাংশ। অবশ্য বিষয়টিকে আমল দিতে নারাজ শংকরবাবু। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বারাসত কেন্দ্র থেকেই বিজেপির প্রার্থী হন শংকর। হারেন ২৩ হাজার ৭৮৩ ভোটে। ২০২৬-এর বিধানসভা নির্বাচনে বারাসত কেন্দ্রে সেই শংকরের উপরেই ফের ভরসা রেখেছে দল। শংকর এক সময়ে দলের বারাসত সাংগঠনিক জেলার সভাপতি ছিলেন। তাঁর পরে সভাপতি হন তাপস মিত্র। তাপসবাবু এবার এই কেন্দ্র থেকে বিজেপির প্রার্থীপদের অন্যতম দাবিদার ছিলেন। প্রার্থী ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই শংকরের বিরুদ্ধে আসরে নেমে পড়েন বিজেপির একাংশ। তাঁর প্রার্থী হওয়ার বিরোধিতা করে পার্টি অফিসের সামনে পোস্টারও পড়ে। দিন যত গড়িয়েছে, শংকরের বিরুদ্ধে ক্ষোভ আরও প্রকাশ্যে এসেছে। একধাপ এগিয়ে এদিন বারাসত সাংগঠনিক জেলার একাংশ নেতা, কর্মীরা তাপস মিত্রর সঙ্গে দেখা করেন। বারাসত থেকে তাঁকে নির্দল প্রার্থী হিসাবে দাঁড় করানোর তোড়জোড়ও শুরু করেন বলে দলীয় সূত্রে খবর। তাপসবাবু বলেন, কর্মীরা এবং সাধারণ মানুষও আমাকে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে অনুরোধ করছেন। পরিস্থিতি বুঝে দ্রুত সিদ্ধান্ত নেব।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ