Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

পুলিসের নির্দেশই সার, ইসলামপুর শহরে ফুটপাতের একাংশ ব্যবসায়ীদের দখলে

পুলিসের নির্দেশই সার, ইসলামপুর শহরে ফুটপাতের একাংশ ব্যবসায়ীদের দখলে
  • ১৪ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, ইসলামপুর: পুলিসের নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে ইসলামপুর শহরের ফুটপাত দখল করে রাখছেন ব্যবসায়ীদের একাংশ। গত শনিবার ট্রাফিক ডিএসপি হরিপদ সরকার ও ইসলামপুর থানার আইসি হীরক বিশ্বাস সহ পুলিসের একটি টিম ফুটপাত দখলমুক্ত করতে মাঠে নেমেছিল। ফুটপাত খালি রাখতে ব্যবসায়ীদের নির্দেশ দেওয়া হয়েছিল। মাইকিং করে হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছিল এর পরেও ফুটপাত খালি না করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু এরপরেও পরিস্থিতি একটুও বদলায়নি বলে অভিযোগ।

Advertisement

বাসিন্দারা বলছেন, শহরের মূল সড়কের দু’ধারেই পেভারস ব্লক দিয়ে ফুটপাত নির্মাণ করা হয়েছে। তবে ওই ফুটপাত সাধারণ মানুষের কাজে লাগছে না। সড়কের দু’ধারের দোকানদারদের একাংশ ফুটপাতে দোকানের সামগ্রী রাখছেন যাতে ক্রেতারা বাইরে থেকে দেখতে পান। কেউ কেউ ফুটপাতে চেয়ার-টেবিল রাখছেন। কেউ আবার দোকানের সাইন বোর্ড ফুটপাতে রেখে দিচ্ছেন।
কিছু দোকানের সামনে ফুটপাতে সারিবদ্ধভাবে বাইক পার্কিং করে রাখা হয়েছে। পুলিসের শনিবারের অভিযানের পর মঙ্গলবারে এই দৃশ্য দেখা গিয়েছে। এতে বাসিন্দারা ক্ষুব্ধ। তাঁদের অভিযোগ, পুলিস নামকাওয়াস্তে রাস্তায় নেমেছিল। কাজের কাজ কিছুই হয়নি। এবিষয়ে কড়া পদক্ষেপ করতে হবে। ডিএসপি (ট্রাফিক) হরিপদ সরকার বলেন, আমরা প্রথমে সচেতন করছি। এভাবে আরও কয়েকবার সচেতন করা হবে। তারপরেও ফুটপাত দখলমুক্ত না হলে আইনি পদক্ষেপ করা হবে। 
ব্যবসায়ীদের সংগঠন ফেডারেশন অফ ইসলামপুর ট্রেডার্স অর্গানাইজেশনের (ফিটো) সভাপতি কানাইয়ালাল বোথরা বলেন, আমরা সংগঠন থেকে ব্যবসায়ীদের আগেই বলা হয়েছে দোকানের জিনিসপত্র, সাইন বোর্ড যাতে ফুটপাতে না রাখা হয়। তারপরেও কেউ কেউ রাখছেন। আমরা বিষয়টি সমর্থন করি না।

Advertisement
সম্পর্কিত সংবাদ