নিজস্ব প্রতিনিধি, কলকাতা ও বারাসত: বেলুড়মঠ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত গঙ্গার উপর দিয়ে রোপওয়ে চালুর পরিকল্পনা নিল রাজ্য সরকার। ইতিমধ্যেই রোপওয়ের ডিপিআর এবং মানচিত্র তৈরির কাজ শেষ। এবার পরবর্তী ধাপের কাজ শুরু হবে। বৃহস্পতিবার নবান্ন সভাঘরে কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রী নীতিন গাদকারির সঙ্গে বৈঠকের পর এ কথা জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর জানান, কার্শিয়াং থেকে দার্জিলিং পর্যন্ত রোপওয়ে হবে। মাটি পরীক্ষার কাজ এবং ডিপিআর তৈরি হয়ে গিয়েছে। শীঘ্রই দরপত্র ডাকা হবে। এর পাশাপাশি এদিন কোলাঘাটে নীতিন গাদকারি ঘোষণা করেন, ৪ লেনের হবে যশোর রোড। বারাসত থেকে বনগাঁ হয়ে পেট্রাপোল পর্যন্ত যাওয়ার গুরুত্বপূর্ণ অংশটি হবে ৪ লেন। এই কাজে বরাদ্দ ৮ হাজার কোটি টাকা।
এই খবরে খুশি বেলুড়, দক্ষিণেশ্বর, বনগাঁ, হাবড়া, অশোকনগর ও বারাসত সহ যশোর রোডের দু’পাশের এলাকার বাসিন্দারা। যশোর রোডে যানজটের ফলে দুর্ভোগ কাটবে বলে সবার আশা। এর পাশাপাশি আন্তর্জাতিক বাণিজ্যের পথ আরও সুগম হবে বলে আশা প্রশাসনের। যশোর রোডের উপর নির্ভরশীল উত্তর ২৪ পরগনার বিস্তীর্ণ এলাকার মানুষ। ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক বাণিজ্যের প্রধান করিডর হল এই রাস্তা। বনগাঁর পেট্রাপোল স্থলবন্দর দিয়ে প্রতিদিন বহু পণ্যবাহী ট্রাক বাংলাদেশে যাতায়াত করে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ট্রাক এই রাস্তা ধরেই বন্দরে পৌঁছয়। অনেকের অভিযোগ, দীর্ঘদিন ধরে রাস্তা অপ্রশস্ত। যানজটের কারণে সমস্যায় পড়ে সাধারণ মানুষ, ব্যবসায়ী থেকে পরিবহণকর্মী সকলকেই। এবার সে সমস্যার হাত থেকে মুক্তি মিলবে।
যদিও অনেকে মনে করছেন, প্রকল্পের অনুমোদন মিললেও তা বাস্তবায়নে একাধিক কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে প্রশাসনকে। কারণ যশোর রোডে শতাব্দীপ্রাচীন গাছ রয়েছে। এছাড়া রাস্তার দু’পাশেই জবরদখল কায়েম রয়েছে। এর আগে রাস্তা সম্প্রসারণের উদ্যোগ নেওয়ার পর গাছ কাটা নিয়ে প্রবল বিরোধিতার মুখে পড়তে হয়েছিল। পরিবেশকর্মীরা গাছ কাটার বিরুদ্ধে আন্দোলন করেছিলেন। সে জল সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়িয়েছিল। শেষপর্যন্ত আদালতের নির্দেশে গাছ কাটা স্থগিত হয়। আবার অন্যদিকে, পুরনো গাছের ডাল ভেঙে পড়ার ঘটনায় প্রাণহানি ও ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। ফলে বিপজ্জনক গাছের ডাল কাটার দাবিও আছে। বনগাঁ শহরের কিছু সংগঠন ও সাধারণ মানুষের একাংশ এই নিয়ে সরব। তাঁদের দাবি, মানুষের নিরাপত্তা এবং রাস্তার সম্প্রসারণকে গুরুত্ব দিতে হবে।
এর পাশাপাশি আছে উচ্ছেদ ও পুনর্বাসনের প্রশ্ন। বিশেষ করে হাবড়া শহরের পরিস্থিতি বেশ জটিল। হাবড়ার বিধায়ক দেবদাস মণ্ডল বলেন, ‘এটা আমাদের দীর্ঘদিনের দাবি। নতুন সরকার আসার সাত মাসের মধ্যে ঘোষণা হল। জেলার কাছে এটি বড়ো উপহার। যশোর রোড সম্প্রসারিত হলে আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে নতুন দিগন্ত খুলে যাবে।’ রাজ্যের খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া বলেন, ‘একদিকে পূর্ব ভারত সুরক্ষিত হবে, অন্যদিকে কমসময়ে ও কম জ্বালানি খরচে পণ্যবাহী ট্রাক বন্দরে পৌঁছতে পারবে। বারাসত, অশোকনগর এবং বনগাঁয় সম্প্রসারণের ক্ষেত্রে তেমন সমস্যা হবে না। তবে হাবড়ায় কিছু সমস্যা রয়েছে। সেখানে দোকান, বাড়ি ও ব্যবসায়িক প্রতিষ্ঠান সরানোর বিষয়টি সরকার নিশ্চয়ই বিবেচনা করবে। তবে দেশের উন্নয়নের ক্ষেত্রে কোনো আপস করা হবে না।’ পরিবেশপ্রেমী অর্পিতা সাহা বলেন, ‘আমরা উন্নয়নের বিরুদ্ধে নই। পরিবেশের কথা মাথায় রেখে প্রাচীন গাছগুলি যতটা সম্ভব অক্ষত রেখে সম্প্রসারণ করা দরকার। বিষয়টি সরকারের দেখা উচিত।’



