সুকান্ত বসু, কলকাতা: শোভাবাজার মেট্রো স্টেশন থেকে কিছুটা এগলে পড়ে মসজিদ বাড়ি স্ট্রিট। সেখানকার বাসিন্দা অমিতাভ সাধুখাঁ। বৃদ্ধ মানুষটি ফেলে দেওয়া জিনিসপত্র সংগ্রহ করে তাতে বসিয়েছেন ফুল, ফল, বনসাই, আর্কিড সহ নানা ভেষজ গাছ। বাড়ির মূল গেট থেকে শুরু করে ছাদ, সর্বত্র সবুজের সমাহার। ভোর থেকে বিকাল পর্যন্ত তাঁর ধ্যানজ্ঞানই গাছ। গাছের প্রতি ভালোবাসা জন্মেছিল ছোটবেলায়। বাবার কাছ থেকে এই শখ পেয়েছিলেন। তখন থেকেই ‘গাছ ভূত’ তাঁর মাথায় চেপে বসে। চাকরি থেকে অবসর নেওয়ার পর এখন গাছই তাঁর সঙ্গী। সংসার সামলে তাঁকে গাছের বিষয়ে সহযোগিতা করেন স্ত্রী মিঠু সাধুখাঁ। তাঁর কথায়, ‘স্বামীই গাছপালার বিষয়ে সবকিছু করেন। আমি গাছপালা রক্ষণাবেক্ষণের বিষয়ে কিছু সহযোগিতা করি।’ অমিতাভবাবু বলেন, ‘কোনো টাকাপয়সা নয়, যাঁরা গাছপালা ভালোবাসেন, তাঁদের বিনামূল্যে গাছের চারা, বীজ বিতরণ করে থাকি। কখনও প্রচার অভিযান চালিয়ে বিভিন্ন স্থানে ক্যাম্প করে গাছের চারা বিনামূল্যে দিয়ে থাকি। গাছ লাগানোর কথা বলি।’ বাড়ির ছাদে ব্যাটারির বাক্স, দইয়ের ভাঁড়, ভাঙা বালতি, জলের বোতল, চট। তালিকা দীর্ঘ। সমস্ত ফেলে দেওয়া জিনিসপত্রের মধ্যে লাগানো গাছে ফুটেছে রং বাহারি ফুল। গোলাপ, হাসনুহানা, করবী, বাগানবিলাস, স্থলপদ্ম সহ নানা ধরনের ফুলগাছ। বাড়ির দেওয়ালে বোতলে ঝুলছে বনসাই ওা আর্কিড। ‘গাছ পাগল’ এই মানুষটি বলেন, ‘কেউ নিজে থেকে ওই সমস্ত জিনিসপত্র বাড়ি বয়ে দিয়ে যান। কখনও নিজেই তা সংগ্রহের জন্য বেরিয়ে পড়ি। বাড়ির ছাদে নষ্ট হতে বসা গাছের সেবার জন্য তৈরি হয়েছে আস্ত ‘হাসপাতাল’ও।-নিজস্ব চিত্র



