নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: হঠাৎ বেজে উঠল কলিং বেল। দরজা খুলতেই আগন্তুক বললেন, ‘নমস্কার, আমি কেবল অফিস থেকে এসেছি। টিভির কানেকশন চেক করব।’ গৃহবধূ তাকে ভিতরে আসতে বলেন। টিভি পরীক্ষা করার সময় সেই ব্যক্তি একটা চুড়ি চায়। বলে, কানেকশন ঠিক করার জন্য সেটি লাগবে। বধূ তখন তাঁর হাতের সোনার চুড়ি খুলে দেন। এরপর যুবক জানায়, চুড়িটি টিভির পিছনে লাগানো আছে। সে দু’মিনিটে আসছে। ততক্ষণ যেন কেউ টিভিতে হাত না দেয়। কারণ, টিভি বার্স্ট হয়ে যেতে পারে! কিন্তু, দু’মিনিটের জায়গায় ২ ঘণ্টা কেটে গেলেও সেই যুবক আর আসেনি। গৃহবধূ কেবল অফিসে ফোন করে জানতে পারেন, তারা কাউকে পাঠায়নি। তখন তিনি টিভির পিছনে তাকিয়ে দেখেন, সেখানে চুড়িটি নেই! বুঝতে পারেন, তিনি কেপমারির শিকার হয়েছেন। চুড়ি নিয়ে চম্পট দিয়েছে যুবক। লেকটাউনের এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ওই গৃহবধূ লেকটাউন থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। শুরু হয়েছে তদন্ত।



