নিজস্ব প্রতিনিধি, কলকাতা: উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। আজ, শনিবার সকালে এটি গভীর নিম্নচাপ হিসেবে দক্ষিণ ওড়িশা-উত্তর অন্ধ্র উপকূল দিয়ে স্থলভূমিতে ঢুকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। সেই এলাকা পশ্চিমবঙ্গ উপকূল থেকে অনেকটা দূরে হলেও পরোক্ষ প্রভাবে আজ, শনিবার বৃষ্টির মাত্রা বাড়তে পারে। দক্ষিণ ২৪ পরগনা, পুর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর জেলায় কোথাও কোথাও ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলিতেও বজ্রপাত সহ বৃষ্টি চলবে। উপকূলবর্তী তিন জেলা ও পশ্চিম মেদিনীপুরে ঘন্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং অন্য জেলাগুলিতে হাওয়ার গতিবেগ কোথাও কোথাও ৩০-৪০ কিলোমিটার হতে পারে। তাই উপকূলবর্তী এলাকার পুজো প্যাণ্ডেলগুলির ক্ষয়ক্ষতি আটকাতে আগাম ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। রবিবার, ষষ্ঠীর দিনেও দক্ষিণবঙ্গে বজ্রমেঘ সৃষ্টি হয়ে হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাত ও ঘন্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে। এই সময় বজ্রপাতের ব্যাপারেও সতর্ক করা হয়েছে। আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা হবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন, নিম্নচাপের প্রভাব শনিবার রাত পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বেশি থাকবে। রবিবার থেকে বৃষ্টি কমবে। কিন্তু বায়ুমণ্ডলে বেশি মাত্রায় জলীয় বাষ্প থাকার কারণে সপ্তমী থেকে নবমী চলবে বিক্ষিপ্ত বৃষ্টিপাত।



