নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পশ্চিমবঙ্গ উপকূল ও লাগোয়া উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের উপর একটি নিম্নচাপ তৈরি হচ্ছে। তার প্রভাবে আজ, শনিবারও দক্ষিণবঙ্গে বৃষ্টি কিছুটা বেশি হবে বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর। পশ্চিমাঞ্চলের জেলাগুলির কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে। শুক্রবার কলকাতাসহ দক্ষিণবঙ্গে সারাদিন দফায় দফায় বৃষ্টি হয়েছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কলকাতায় ৭ মিমি মতো বৃষ্টি হলেও দমদম ও সল্টলেকে বৃষ্টিপাতের পরিমাণ ২০ মিমির বেশি ছিল। এদিন সকাল সাড়ে ৮ টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় বীরভূমের নারায়ণপুর ও দক্ষিণ ২৪ পরগণার সাগরদ্বীপে সবথেকে বেশি ৬০ মিমি বৃষ্টি হয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা হবিবুর রহমান বিশ্বাস একথা জানিয়েছেন। দক্ষিণবঙ্গের দক্ষিণ অংশ ও লাগোয়া বাংলাদেশের উপর একটি ঘূর্ণাবর্ত আগেই তৈরি হয়েছিল। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের উপরও একটি ঘূর্ণাবর্ত ছিল। প্রথম ঘূর্ণাবর্তটি শক্তিশালী নিয়ে নিম্নচাপে পরিণত হচ্ছে। অন্য ঘূর্ণাবর্তটিও এটির সঙ্গে মিশে গিয়েছে। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে, এই নিম্নচাপটি পশ্চিম-উত্তর পশ্চিম অভিমুখে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, উত্তর ওড়িশা, ঝাড়খণ্ড হয়ে ছত্তিশগড়ের দিকে যাবে। জুলাই মাসে পশ্চিমবঙ্গ - ওড়িশা উপকূল লাগোয়া বঙ্গোপসাগরে যে তিনটি নিম্নচাপ তৈরি হয়েছিল, সবক’টির গতিপ্রকৃতিই এরকম ছিল। ওই নিম্নচাপগুলির প্রভাবে প্রথমে ওড়িশা ও পরে মধ্য ভারতে বেশি বৃষ্টি হয়েছে। এবারের নিম্নচাপের প্রভাবে ইতিমধ্যে ওড়িশাতে তুলনামূলকভাবে বেশি বৃষ্টিপাত শুরু হয়ে গিয়েছে। এখনও পর্যন্ত গোটা দেশের মধ্যে মধ্য ভারতে দীর্ঘকালীন গড়ের তুলনায় কিছুটা বেশি বৃষ্টি হয়েছে। আবহাওয়াবিদরা বলছেন, এর কারণ জুলাই থেকে বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপগুলির গতিপ্রকৃতি। জুন মাস পর্যন্ত দেশের মধ্যে সব থেকে বেশি বৃষ্টির ঘাটতি ছিল মধ্য ভারতে। কোনো নিম্নচাপ পুরোপুরি দক্ষিণবঙ্গের উপর দিয়ে গেলে তবেই এখানে প্রচুর বৃষ্টি হবে। সেক্ষেত্রে প্রাকৃতিক দুর্যোগের পরিস্থিতি তৈরি হতে পারে। এখনও পর্যন্ত সেরকম অবস্থা দক্ষিণবঙ্গে তৈরি হওয়ার পরিস্থিতি নেই। আগামী সপ্তাহে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ তৈরি হবে বলে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর দীর্ঘকালীন পূর্বাভাসে জানিয়েছে।



