Bartaman Logo
৬ জুন, ২০২৬

ভাবী পুত্রবধূর সঙ্গে প্রেম, ২ লক্ষ টাকা ও গয়না নিয়ে চম্পট প্রৌঢ়ের

সালটা ১৯৯২। হলিউড ছবি ‘ড্যামেজ’। ছেলের বান্ধবীর সঙ্গে অসমবয়সি প্রেমে জড়িয়ে পড়েন বাবা।

ভাবী পুত্রবধূর সঙ্গে প্রেম, ২ লক্ষ টাকা ও গয়না নিয়ে চম্পট প্রৌঢ়ের
  • ২১ জুন, ২০২৫ ১৫:০৬

গোরক্ষপুর: সালটা ১৯৯২। হলিউড ছবি ‘ড্যামেজ’। ছেলের বান্ধবীর সঙ্গে অসমবয়সি প্রেমে জড়িয়ে পড়েন বাবা। তারপর সম্পর্কের টানাপোড়েন, বিশ্বাসঘাতকতা থেকে একটি সুস্থ পরিবার কীভাবে ধ্বংস হয়ে যেতে পারে, সেটারই প্রতিফলন ছিল সেই ছবি। তেত্রিশ বছর পেরিয়ে গিয়েছে। ‘ড্যামেজ’-এর প্লট নিয়ে এই ধরনের ছবি আরও অনেক হয়েছে। তবে শুধু রুপোলি পর্দাই নয়। রুক্ষ বাস্তবেও এহেন অস্বাভাবিক প্রেমের ঘটনা সামনে এল উত্তরপ্রদেশের রামপুরে। নাবালক ছেলে বিয়ের ঠিক করতে গিয়ে ভাবী পুত্রবধূর সঙ্গে নিজেই সম্পর্কে জড়িয়ে পড়লেন বাবা। আর সেই সম্পর্ক টিকিয়ে রাখতে শেষমেশ ঘর ছেড়ে লক্ষাধিক টাকা চুরি করে পালালেন যুগল। রামপুরের বাসিন্দা মধ্যবয়সি শাকিল হঠাৎই ১৫ বছরের ছেলের বিয়ে ঠিক করেন। সেই থেকে ভাবী পুত্রবধূর বাড়িতে তাঁর যাতায়াত শুরু। কথাবার্তার মাঝে তরুণীর প্রেমে পড়েন শাকিল। তারপর নিয়মিত চলতে থাকে ভিডিও কলিংয়ে ঘণ্টার পর ঘণ্টা কথা। প্রথমে বিষয়টি গুরুত্ব না দিলেও পরে সন্দেহ হয় স্ত্রী সাবানার। স্বামীর অবৈধ সম্পর্কের প্রতিবাদ জানালে তাঁকে মারধরও করা হয়। পরে ছেলেকে নিয়ে সাবানা প্রমাণ সংগ্রহ করেন। জানা যায়, প্রায়শই ওই তরুণীর সঙ্গে বাইরে সময় কাটাচ্ছেন শাকিল। ছেলে ওই মহিলাকে বিয়ে করতে রাজি না হওয়ার পরই বাড়ি থেকে ২ লক্ষ টাকা নগদ এবং ১৭ গ্রাম সোনার গয়না নিয়ে সাকিল ও ওই তরুণী পালিয়ে যান। এব্যাপারে পুলিসে অভিযোগও দায়ের করেছেন সাবানা। দু’জনের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। 

Advertisement

উত্তরপ্রদেশে এই ধরনের ঘটনা অবশ্য নতুন নয়। গত এপ্রিলেই আলিগড়ের বাসিন্দা অনিতা তাঁর ভাবী জামাইয়ের সঙ্গে পালিয়ে যান। বাড়ি থেকে নিয়ে যান নগদ ও গয়না মিলিয়ে পাঁচ লক্ষেরও বেশি। পরে দু’জনে বিয়েও করেন। 

সম্পর্কিত সংবাদ