Bartaman Logo
২৫ সেপ্টেম্বর, ২০২৬

সহপাঠীকে চতুর্থ শ্রেণির পড়ুয়ার প্রেমবার্তা! স্কুল কর্তৃপক্ষের কাছে ২৫ লক্ষ টাকা দাবি ছাত্রের পরিবারের!

সহপাঠীকে ‘আই লাভ ইউ’ লেখা চিরকুট দিয়েছিল চতুর্থ শ্রেণির পড়ুয়া। শিশুসুলভ সারল্যের এই ঘটনাকে কেন্দ্র করেই বাঁধল বিবাদ। স্কুল কর্তৃপক্ষের কাছে ২৫ লক্ষ টাকা চাওয়ার অভিযোগ উঠল চতুর্থ শ্রেণির ছাত্রের পরিবারের বিরুদ্ধে।

সহপাঠীকে চতুর্থ শ্রেণির পড়ুয়ার প্রেমবার্তা!  স্কুল কর্তৃপক্ষের কাছে ২৫ লক্ষ টাকা দাবি ছাত্রের পরিবারের!
  • ২৫ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

আমেদাবাদ: সহপাঠীকে ‘আই লাভ ইউ’ লেখা চিরকুট দিয়েছিল চতুর্থ শ্রেণির পড়ুয়া। শিশুসুলভ সারল্যের এই ঘটনাকে কেন্দ্র করেই বাঁধল বিবাদ। স্কুল কর্তৃপক্ষের কাছে ২৫ লক্ষ টাকা চাওয়ার অভিযোগ উঠল চতুর্থ শ্রেণির ছাত্রের পরিবারের বিরুদ্ধে। গুজরাতের আমেদাবাদের একটি স্কুলে গত ১৯ সেপ্টেম্বরের এই ঘটনায় একে অপরের বিরুদ্ধে সরব কর্তৃপক্ষ ও ছাত্রের অভিভাবক। 

Advertisement

স্কুল সূত্রে খবর, চিরকুট পেয়ে খুদে ছাত্রী কান্নাকাটি জুড়ে দেয়। বিষয়টি জানতে পেরে ক্লাস টিচার ছাত্রটিকে ডেকে পাঠিয়ে সামান্য বকাঝকা ও কাউন্সেলিংও করেন। কিন্তু ছাত্রীর কান্না না থামায় তার বাবা-মাকে ডেকে পাঠানো হয়। ছাত্রর অভিভাবকদেরও ডাক পড়ে প্রিন্সিপালের চেম্বারে। ওই ছাত্রের মা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে বেরিয়ে যান। তবে কিছুক্ষণ পরেই কয়েকজনকে নিয়ে ফিরে এসে দাবি করেন, তাঁর ছেলেকে মারধর করা হয়েছে। তাকে হাসপাতালে নিয়ে যেতে হচ্ছে। স্কুলেই একটি অ্যাম্বুলেন্স ডেকে নাবালককে নিয়ে এল জি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর রামোল থানায় অভিযোগ দায়ের করে ছাত্রের পরিবার। তাঁরা জানান, স্কুলে শারীরিক নিগ্রহ করা হয়েছে ছেলেকে। যদিও কর্তপক্ষ অভিযোগ অস্বীকার করে। তারা জানিয়েছে, সিসিটিভি ক্যামেরার ফুটেজে ছাত্রকে সম্পুর্ন সুস্থ দেখা গিয়েছে। সে ছোটাছুটিও করছে। একইসঙ্গে স্কুলের ডিরেক্টর চাঞ্চল্যকর অভিযোগ করেছেন। তাঁর দাবি, ছাত্রের পরিবার পুলিশে অভিযোগের ভয় দেখিয়ে ২৫ লক্ষ টাকা দাবি করে। পরে তা কমিয়ে ৫ লক্ষ টাকা করা হয়। তবে স্কুলের তরফে পড়ুয়ার টিউশন ফি মকুবের প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু, ছাত্রের পরিবার তা মানেনি। এদিকে পুলিশ জানিয়েছে, শারীরিক পরীক্ষায় ছাত্রের শরীরে মারধরে কোনো প্রমাণ মেলেনি। সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ