Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

দেশবিরোধী পোস্টের অভিযোগ বড়জোড়ায় ধৃত ফেরিওয়ালা

সে বড়জোড়ায় আরও কয়েকজনের সঙ্গে বাড়ি ভাড়া নিয়ে থাকত। তারা ফেরিওয়ালা হিসেবে বাড়ি ভাড়া নিয়েছিল।

দেশবিরোধী পোস্টের অভিযোগ বড়জোড়ায় ধৃত ফেরিওয়ালা
  • ১৩ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: রাইপুরের পর এবার বড়জোড়া। ফের সোশ্যাল মিডিয়ায় দেশবিরোধী পোস্ট করার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করল পুলিস। ধৃতের নাম শেখ ইমরান। তার বাড়ি মুর্শিদাবাদের জঙ্গিপুরে। সে বড়জোড়ায় আরও কয়েকজনের সঙ্গে বাড়ি ভাড়া নিয়ে থাকত। তারা ফেরিওয়ালা হিসেবে বাড়ি ভাড়া নিয়েছিল। ফেরিওয়ালার কাজের পিছনে ওই যুবকদের অন্য কোনও মতলব রয়েছে কি না, তা পুলিস জানার চেষ্টা করছে। সোমবার ধৃতকে বাঁকুড়া জেলা আদালতে তোলা হয়। বিচারক তাকে ১০ দিনের পুলিসি হেফাজতের নির্দেশ দেন।

Advertisement

জেলা পুলিসের এক আধিকারিক বলেন, ইমরান একটি সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে ভারত বিরোধী পোস্ট করেছিল। সে পাকিস্তানের প্রশংসাও করে। নজরে পড়া মাত্র আমরা তাকে প্রথমে আটক ও পরে গ্রেপ্তার করি। ধৃতের কথায় অসঙ্গতি রয়েছে। ফলে তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন রয়েছে। তার সঙ্গে থাকা অন্য ফেরিওয়ালাদের সম্পর্কেও আমরা বিস্তারিত জানার চেষ্টা করছি। তবে সোশ্যাল মিডিয়ায় ইমরানের পোস্টের সঙ্গে তাদের কোনও সম্পর্ক নেই বলে বাকিরা দাবি করেছে। তাদের গতিবিধির উপরেও নজর রাখা হচ্ছে। 
পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জঙ্গিপুর, রঘুনাথপুর এলাকার কয়েকজন যুবক সম্প্রতি বড়জোড়া বাজার এলাকায় বাড়ি ভাড়া নেয়। তারা এলাকায় বিভিন্ন সামগ্রী ফেরি করে বেড়াত। অনেক রাত পর্যন্ত তাদের ডেরায় আলো জ্বলত। ফলে তদন্তকারীরা এটাকে হাল্কাভাবে নিচ্ছেন না। ধৃতকে ১০ দিনের হেফাজতে নেওয়ার মাধ্যমেই পুলিস বিষয়টি স্পষ্ট করে দিয়েছে। কারণ এর আগে বর্ধমানের খাগড়াগড় সহ অন্যান্য কয়েকটি ঘটনাতেও বাড়ি ভাড়া নিয়ে নাশকতার ছক কষা হয়েছিল। সেক্ষেত্রেও আগন্তুকরা প্রথমে ফেরিওয়ালা বা অন্য কোনও ছদ্মবেশ ধারণ করেছিল। সেভাবেই বাড়ির মালিকের কাছে তারা পরিচয় দিয়েছিল।
উল্লেখ্য, সোশ্যাল মিডিয়ায় ভারত ও দেশের সেনাবাহিনীর বিরুদ্ধে বিদ্বেষমূলক পোস্ট করার অভিযোগে রাইপুর থানার উপরবান্দা গ্রাম থেকে সফিক খান নামে এক যুবককে শনিবার গভীর রাতে পুলিস গ্রেপ্তার করে। ধৃত যুবক পাকিস্তানের সেনার প্রশংসা করেছিল বলে পুলিস জানিয়েছে। তবে রাইপুরের থেকেও বড়জোড়ার ঘটনাটিকে পুলিস বেশি গুরুত্ব দিয়ে দেখছে। ইমরান ও তার সঙ্গীদের ব্যাপারে বিস্তারিত জানতে প্রয়োজনে মুর্শিদাবাদ পুলিসের সঙ্গে যোগাযোগ করা হবে বলে তদন্তকারীরা জানিয়েছেন।

Advertisement
সম্পর্কিত সংবাদ