আইপিএসদের জন্য বিদেশে এলটিসি সহ গুচ্ছ সুবিধা
  • ১৮ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আইএএসদের পর এবার আইপিএস অফিসারদের জন্যও বিদেশ ভ্রমণ (এলটিসি), আপ্যায়ন ভাতা সহ গুচ্ছ সুযোগ-সুবিধা দেওয়ার কথা মঙ্গলবার ঘোষণা করল রাজ্য সরকার। উল্লেখ্য, ৬ নভেম্বর প্রথমে এরাজ্যের আইএএস অফিসারদের এই সুবিধা দেয় রাজ্য। তা নিয়ে আইপিএস ও ডব্লুবিসিএস অফিসারদের মধ্যে চাপা ক্ষোভ ছিল। বিষয়টি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কানে যেতেই তিনি আইপিএস অ্যাসোসিয়েশন গঠন করতে বলেন। ওই সংগঠন গড়ার পরই তাঁদের দাবি মেনে মঙ্গলবার সুযোগ-সুবিধা প্রদানের কথা ঘোষণা করল রাজ্য। এদিন এই সংক্রান্ত একাধিক নির্দেশিকা জারি করেছে নবান্ন। 

Advertisement

নির্দেশিকায় বলা হয়েছে, এখন থেকে আইপিএস অফিসাররা চারবছর অন্তর দুবাই, মরিশাস, মালদ্বীপ, শ্রীলঙ্কা, নেপাল, ভুটানের মতো দেশে ভ্রমণের এলটিসি নিতে পারবেন। পাশাপাশি আইপিএস হিসাবে এরাজ্যে যোগ দেওয়ার পর একজন আইপিএস ল্যাপটপ বা ডেস্কটপ এবং প্রিন্টার কেনার খরচ বাবদ সর্বোচ্চ ২ লাখ টাকা পাবেন। স্নাতক স্তরে পাঠরত ছেলেমেয়েদের বিদেশে পড়াশোনার জন্য ৫০ লাখ টাকা লোন নিতে পারবেন তাঁরা।  আইপিএসরা ৫০০ ইউনিট বিদ্যুৎ পাবেন নিখরচায়। আইপিএসরাও পদমর্যাদা অনুসারে প্রতিমাসে আপ্যায়ন ভাতা পাবেন।      এছাড়া এরাজ্যে বসবাসরত ডিজিপি পদমর্যদার অফিসাররা প্রতিমাসে দুজন অ্যাটেনডেন্ট ও ৫ হাজার টাকা ইন্টারনেট ভাতা পাবেন।