নিজস্ব প্রতিনিধি, কলকাতা: জাতীয় সড়কে দুর্ঘটনা ঘটলে থানা থেকে পুলিশ কর্মীদের পৌঁছতে অনেক সময় লেগে যায়। একদিকে দুর্ঘটনাগ্রস্থ ব্যক্তিকে দ্রুত উদ্ধার ও অন্যদিকে বেপরোয়া গতির গাড়ির উপর লাগাম পরাতে পশ্চিমবঙ্গ সহ সমস্ত রাজ্যে চালু হচ্ছে ন্যাশনাল হাইওয়ে সেফটি প্যাট্রল (এনএইচএসপি)। রেলের সম্পত্তি এবং যাত্রী সুরক্ষা নিশ্চিত করতে যেভাবে কাজ করে আরপিএফ, ঠিক একইভাবে জাতীয় সড়কের জন্য কাজ করবে এনএইচএসপি। কেন্দ্রের এই বাহিনী কাজ করবে রাজ্য প্রশাসনের সঙ্গে সমন্বয় করে। একইসঙ্গে নতুন এই বাহিনীকে কাজে লাগিয়ে জাতীয় সড়কে অপরাধ কমানোও লক্ষ্য সরকারের।
জাতীয় সড়ক থেকে রাজ্য পুলিশের থানার দুরত্ব অনেকটাই। এনএইচ ১৬, দূর্গাপুর এক্সপ্রেসওয়ে বা রাজ্যের উপর দিয়ে যাওয়া অন্য জাতীয় সড়কে দুর্ঘটনা ঘটলে পুলিশের কাছে খবর পৌঁছতে সময় লাগে। গাড়ি নিয়ে ঘটনাস্থলে পৌঁছতে অনেক ক্ষেত্রেই এক ঘণ্টার বেশি সময় লাগে। দুর্ঘটনা যদি দুটি জেলার সীমানায় হয়, সেক্ষেত্রে পৌঁছতে পুলিশের আরও সময় লেগে যায়। এরমাঝে পেরিয়ে যায় দুর্ঘটনায় জখমদের চিকিৎসার ‘গোল্ডেন আওয়ার’। আর সে কারণেই পথ দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা বাড়ছে। তথ্য বলছে, গোটা দেশে ২০২৩-২০২৫ সালে জাতীয় সড়কে দুর্ঘটনায় মারা গিয়েছেন এক লক্ষ ৯০ হাজারের মতো মানুষ। রাজ্যে ২০২২-২৫ পর্যন্ত প্রায় দশ হাজার জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার জেরে জাতীয় সড়কে তৈরি হয় যানজট। যা কাটতে ঘণ্টার পর ঘণ্টা সময় চলে যায়। শুধু তাই নয় রাজ্য পুলিশ ও স্বরাষ্ট্র মন্ত্রকের কর্তাদের নজরে এসেছে, জাতীয় সড়কে বেঁধে দেওয়া স্পিড লিমিট না মেনেই বেপরোয়া গতিতে দৌড়ছে গাড়িগুলি। তা নিয়ন্ত্রণে রাখার তেমন পরিকাঠামো নেই। সমস্ত জায়গায় ক্যামেরা না থাকায় স্পিড লিমিট পার করা গাড়ির ছবিও ধরা পড়ছে না। নজরদারি না থাকায় জাতীয় সড়কের সম্পত্তি চুরি হয়ে যাচ্ছে। পাশাপাশি অনেক সময় জাতীয় সড়কের উপর খুন, গুলি চলার মতো ঘটনা ঘটছে। এই সমস্ত বিষয়ে ‘রাশ’ টানতেই এনএইচএসপি নামে নতুন ফোর্স তৈরি করার পরিকল্পনা নিয়েছে কেন্দ্র। পশ্চিমবঙ্গ সহ প্রতিটি রাজ্যেই এই ফোর্স থাকবে। বিভিন্ন জোন তৈরি হবে তাদের জন্যে। তাদের কাছে থাকবে অত্যাধুনিক গাড়ি ও সরঞ্জম। যাতে দুর্ঘটনা বা অপরাধের খবর এলে দ্রুত সেখানে পৌঁছে দুর্ঘটনাগ্রস্তদের দ্রুত উদ্ধার করে আহত যাত্রীদের চিকিৎসার ব্যবস্থা করবে তারা। খবর দেবে সংশ্লিষ্ট থানায়। জাতীয় সড়ক কর্তৃপক্ষের তরফে ‘স্পর্শকাতর’ যে সমস্ত এলাকায় অ্যাম্বুলেন্স মজুত রাখার ব্যবস্থা থাকছে, গুরুতর জখমদের হাসপাতালে পৌঁছে দিতে সেখানে যোগাযোগও করবে এই বাহিনী।



