বিদ্যুৎহীন বাড়িতে জ্বালানো মোমবাতি থেকেই দুর্ঘটনা, লাগল আগুন, ঘুমন্ত শিশুর মৃত্যু
  • ২৬ নভেম্বর, ২০২৬ ১৬:৪৯
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কৃষ্ণনগর: বিদ্যুৎহীন বাড়িতে জ্বলছিল মোমবাতি। আর তা থেকেই লাগল আগুন! ধোঁয়ায় দমবন্ধ হয়ে মৃত্যু হল পাঁচ বছরের শিশুর। আজ, বৃহস্পতিবার সন্ধ্যায় মর্মান্তিক ঘটনাটি ঘটেছে ধুবুলিয়া থানার ১২/২৩ এলাকায়। মৃত শিশুর নাম অঙ্কিত মণ্ডল। এই ঘটনায় স্বাভাবিকভাবেই শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত তিন-চার দিন ধরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ছিল ওই বাড়িতে। বিদ্যুৎ দপ্তরের বকেয়া সংক্রান্ত কারণে সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছিল বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে। এরপর আজ সন্ধ্যায় বিদ্যুৎ না থাকায় ঘরে মোমবাতি জ্বালিয়ে পাঁচ বছরের অঙ্কিতকে ঘুম পাড়িয়ে দেন তার মা। এরপর শিশুটিকে ঘরের ভিতরে রেখে বাইরে থেকে দরজায় ছিটকিনি লাগিয়ে পাশের এক প্রতিবেশীর বাড়িতে যান তিনি।

Advertisement

এর মধ্যেই জ্বলন্ত মোমবাতি থেকে কোনোভাবে ঘরে আগুন লেগে যায়। আগুন ছড়িয়ে পড়ে লেপ, কাঁথা-সহ ঘরে থাকা বিভিন্ন সামগ্রীতে। ধোঁয়ায় ভরে ওঠে ঘর। বিষয়টি প্রতিবেশীদের নজরে আসতেই তাঁরা ছুটে এসে জল ঢেলে আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু ঘরের ভিতরে যে শিশুটি আটকে রয়েছে তা প্রথমে কারও নজরে আসেনি। পরে অঙ্কিতের মা ছুটে এসে জানান ঘরের ভিতরে সন্তান রয়েছে। শেষে দরজা খুলে কোনোরকমে ভিতর থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। কিন্তু শেষরক্ষা হয়নি, ততক্ষণে মৃত্যু হয়েছে শিশুটির। চিকিৎসকদের সঙ্গে কথা বলে পুলিশ জানতে পেরেছে, অঙ্কিতের শরীরে প্রায় ২৫ শতাংশ দগ্ধ হওয়ার চিহ্ন রয়েছে। তবে প্রাথমিকভাবে ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়েই তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে বলে মনে করা হচ্ছে। যদিও মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরেই স্পষ্ট হবে বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যেই এই ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে পুলিশ।