অষ্টমীর পাঁচ পদ: অষ্টমীতে একদিকে নিরামিষ খাওয়ার প্রচলন। আবার উৎসব জুড়েই আমিষের দিকে পাল্লা ভারী। পুজোর এই বিশেষ দিনের জন্য রইল মাছ, মাংস ও নিরামিষ পদের বিভিন্ন লোভনীয় রেসিপি।
অষ্টমীর পাঁচ পদ: অষ্টমীতে একদিকে নিরামিষ খাওয়ার প্রচলন। আবার উৎসব জুড়েই আমিষের দিকে পাল্লা ভারী। পুজোর এই বিশেষ দিনের জন্য রইল মাছ, মাংস ও নিরামিষ পদের বিভিন্ন লোভনীয় রেসিপি।
পালং মটন
শাক দিয়ে মাছ নয়, আসুন, মাংস ঢেকে দেখি কেমন লাগে! পালং শাক এমন এক পদ যা পনিরের সঙ্গেও জমিয়ে খেলতে পারে, আবার মাংসের পাশেও জবরদস্ত!
উপকরণ: পালং শাক সেদ্ধ করা ২ কাপ, মাটন ৪০০ গ্রাম, পেঁয়াজ ১টি বাটা, রশুন-আদা বাটা ৪ চা চামচ, টম্যাটো ২টি, নুন, হলুদ স্বাদ মতো, কাশ্মীরি লংকার গুঁড়ো ১ চা চামচ, ধনে গুঁড়ো ১ চা চামচ, জিরে গুঁড়ো ১ চা চামচ, সরষের তেল প্রয়োজন মতো, গোটা জিরে ১ চামচ, টক দই কাপ, গোলমরিচ ১ চা চামচ, শুকনো লংকা ২টি।
প্রণালী: কড়াইতে সরষের তেল গরম করে গোটা জিরে, শুকনো লংকা ফোড়ন দিন। এতে পেঁয়াজ বাটা, আদা-রশুন বাটা দিয়ে নাড়াচাড়া করে টম্যাটো বাটা দিন। এরপর হলুদ, নুন, কাশ্মীরি লংকার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করুন। পালং শাক সেদ্ধ যোগ করুন। ভালো করে নেড়ে মাটন দিন, টক দই মিশিয়ে ঢিমে আঁচে ঢাকা দিয়ে রাখুন। সেদ্ধ হয়ে গা মাখা হলে গোটা গোলমরিচ দিন। নামিয়ে ভাত বা রুটির সঙ্গে পরিবেশন করুন।
চিতল মাছের মুইঠ্যা
পুজোর ক’দিন একটু বিলাসী রান্নার দিকে ঝোঁকে বাঙালি। সারা বছরের অফিসকাছারি, ব্যস্ততায় অনেক রান্নাই রোজের পদ থেকে হারিয়ে যায়। এই পদও তেমন।
উপকরণ: চিতলের গাদা কোরানো ২ কাপ, নুন ও হলুদ প্রয়োজন মতো, সাদা তেল বা সরষের তেল প্রয়োজন মতো। কাঁচালংকা কুচি ২ চামচ, টম্যাটো বাটা কাপ, পেঁয়াজ বাটা ১ কাপ, আদা-রশুন বাটা ২ চামচ, ধনে গুঁড়ো ১চা চামচ, জিরে গুঁড়ো ১ চামচ, ঘি ১ চামচ, গরমমশলা গুঁড়ো ১ চামচ।
প্রণালী: চিতল মাছের গাদা কুরিয়ে তাতে নুন, হলুদ, কাঁচালংকা কুচি, লংকা গুঁড়ো দিয়ে মেখে ছোটো ছোটো বলের আকারে গড়ুন। এবার জল ফুটতে দিন। বলগুলো জলের মধ্যে ছেড়ে ২-৩ মিনিট রেখে তুলে নিন। প্যানে তেল গরম করে পেঁয়াজ আদা-রশুনবাটা দিয়ে কষুন, টম্যাটো বাটা দিন। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো যোগ করুন। ভালো করে কষে অল্প জল দিন। ফুটে উঠলে ছোটো ছোটো বলগুলি দিয়ে, ঘি গরমমশলা দিয়ে নামান। ভাতের সঙ্গে পরিবেশন করুন।
মশলা ফুলকপি
পুজোর সময় বাজারে মরশুমের প্রথম ফুলকপি ওঠে। তাই নিরামিষ তরকারির কথা ভাবলে একটা পদ ফুলকপি তো মাস্ট! অষ্টমীর ভোগের সঙ্গেও এই তরকারি সুপারহিট।
উপকরণ: ফুলকপির ফুল ৬-৭ টুকরো, কড়াইশুঁটি সেদ্ধ কাপ, টক দই কাপ, নুন ও হলুদ প্রয়োজন মতো, লংকার গুঁড়ো চা চামচ, শুকনো লংকা ১টি, কাঁচালংকা ৩-৪টি, কাজু-চারমগজ বাটা ৪ চামচ, গরমমশলা গুঁড়ো চা চামচ, গোটা জিরে ১ চামচ, নুন মিষ্টি পরিমাণ মতো, ঘি ২ টেবিল চামচ, সাদা তেল প্রয়োজন মতো।
প্রণালী: ফুলকপি ভেজে তুলে রাখুন। কড়াইতে ঘি গরম করে গোটা জিরে ও শুকনো লংকা ফোড়ন দিন। নুন, হলুদ, লংকা গুঁড়ো দিয়ে নেড়ে কাজু-চারমগজ বাটা দিয়ে কষুন। নুন, মিষ্টি দিন। কাঁচালংকা যোগ করুন। এবার টক দই ফেটিয়ে দিয়ে অল্প জল যোগ করে ঢাকা দিন। একটু ফুটিয়ে কড়াইশুঁটি সেদ্ধ ও ভেজে রাখা ফুলকপিগুলো দিন। একটু নাড়াচাড়া করে সেদ্ধ হতে দিন। শেষে ঘি ও গরমমশলা গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নিন।
থোড়ের চপ
অষ্টমীতে বেশ কিছু বাড়িতে নিরামিষ আহারের চল রয়েছে। উৎসবের আবহে সেই নিরামিষেও লাগুক বাহারি স্বাদ। থোড় দিয়ে বানানো এই চপ খিচুড়ির সঙ্গেও জমে যাবে।
উপকরণ: থোড় সেদ্ধ করে কুচিয়ে রাখা ৩ কাপ, আলু সেদ্ধ ১টা, সাদা তেল প্রয়োজন মতো, ছোলার ডাল বাটা ১ কাপ, চিনাবাদাম ৮-৯টি ভাজা, নুন ও চিনি পরিমাণ মতো, হলুদ, লংকা গুঁড়ো ১ চা চামচ করে, আদা কুচি ২ চামচ, কর্নফ্লাওয়ার কাপ, চালের গুঁড়ো কাপ।
প্রণালী: থোড় সেদ্ধ ভালো করে চটকে নিন। তাতে আলু সেদ্ধ, নুন, চিনি, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লংকার গুঁড়ো ছোলার ডাল বাটা, চিনেবাদাম ভাজা সব একসঙ্গে মেখে আদা কুচি দিন। চপের আকারে গড়ে নিন। অন্য পাত্রে কর্নফ্লাওয়ার ও চালের গুঁড়ো গুলে রাখুন। চপগুলো এই মিশ্রণে ডুবিয়ে ছাঁকা তেলে ভাজলেই তৈরি এই সুস্বাদু চপ।
চিকেন রেশমি কাবাব
কাবাব অনেকেই পছন্দ করেন। তার মধ্যে ঝালবিহীন, দই ও ক্রিমের মিশেলে তৈরি এই রেশমি স্বাদ আবার বেশি জনপ্রিয়। উৎসব হোক বা বিয়েবাড়ি, এই পদ সবসময় হিট!
উপকরণ: চিকেন ব্রেস্ট বোনলেস টুকরো করা ১০-১২টি, নুন স্বাদ মতো, অলিভ অয়েল ৪-৫ চামচ, জল ঝরানো টক দই কাপ, কাঁচালংকা, আদা-রশুন বাটা ২চা চামচ, চিজ গ্রেট করা কাপ, কর্নফ্লাওয়ার ২ চামচ, ফ্রেশ ক্রিম ২চা চামচ, ধনেপাতা কুচি অল্প।
প্রণালী: প্রথমে চিকেনের টুকরোগুলো নুন, তেল, টক দই, কাঁচালংকা, আদা-রশুন বাটা, গ্রেট করা চিজ, কর্নফ্লাওয়ার, ফ্রেশ ক্রিম দিয়ে মাখিয়ে রাখুন। একটু ধনেপাতা কুচিও দিতে পারেন। ১ ঘণ্টা ম্যারিনেট করে রাখুন। এবার প্যানে অল্প অলিভ অয়েল দিয়ে কাঠিতে গেঁথে গ্রিল করে নিন। তৈরি এই কাবাব। পুদিনা চাটনি ও পেঁয়াজের রিং দিয়ে পরিবেশন করুন।