Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

গলায় ময়াল সাপ জড়িয়ে দিয়েছিল এক অনুরাগী

ডার্বি শুধু খেলা নয়, উত্সব! তাই রবিবার ডুরান্ডের বড় ম্যাচ ঘিরে আবেগের বিস্ফোরণ ঘটবে কল্লোলিনী তিলোত্তমায়।

গলায় ময়াল সাপ জড়িয়ে দিয়েছিল এক অনুরাগী
  • ১৭ আগস্ট, ২০২৫ ১৮:০৮
Prefer us on Google

মিহির বসু: ডার্বি শুধু খেলা নয়, উত্সব! তাই রবিবার ডুরান্ডের বড় ম্যাচ ঘিরে আবেগের বিস্ফোরণ ঘটবে কল্লোলিনী তিলোত্তমায়। কিন্তু আপশোস সেই উত্তাপে গা সেঁকতে পারব না। কারণ, সেদিন কলকাতায় থাকছি না। কিন্তু মন তো পড়ে থাকবে যুবভারতী ক্রীড়াঙ্গনেই । খাতায়-কলমে এই ম্যাচে অবশ্যই ফেভারিট মোহন বাগান। তবে হৃদয় বলছে, ইস্ট বেঙ্গল অসাধারণ কিছু করবে। ঠিক যেমনটা হয়েছিল ১৯৭৭’এর লিগে। দুরন্ত ছন্দে থাকা সবুজ-মেরুন ব্রিগেড হার মানে আমাদের ইস্ট বেঙ্গলের কাছে। দুরন্ত ভলিতে জাল কাঁপিয়ে আমিই ম্যাচের নায়ক। এছাড়া লক্ষ্যভেদ করেছিল পিন্টু (সমরেশ) চৌধুরিও। মনে আছে, সমর্থকদের কাঁধে চড়ে বেরনোর সময় এক অনুরাগী গলায় ময়াল সাপ জড়িয়ে দেয়।

Advertisement

১৯৭৭ সালে ইস্ট বেঙ্গল দল ভাঙাচোরা। আর মোহন বাগান ততটাই শক্তিশালী। কিন্তু কোচ অমল দত্ত অন্য ধাতুতে গড়া। তরুণদের গড়ে তোলাই তাঁর লক্ষ্য। ডার্বির আগের দিন অনুশীলন এখনও স্মৃতিতে টাটকা। দুই উইং দিয়ে ভেসে আসা বল হেড কিংবা ভলিতে জালে জড়ানোই ছিল আমার কাজ। ডার্বির সকালে চুনী গোস্বামীর মন্তব্য চোখে পড়ে। বলেছিলেন, ‘মিহির বসুকে নিয়ে সতর্ক থাকতে হবে মোহন বাগানকে’। এই উক্তিই আত্মবিশ্বাস বাড়িয়ে দেয়। আর মাঠে নামার আগেই পিন্টুদা পান চিবোতে চিবোতে বললেন, ‘মিহির তৈরি থাকিস, উইং থেকে বল বাড়াব, জালে ঠেলে দিস।’ ম্যাচে ঠিক সেটাই হয়েছিল। পিন্টুদা’র ভাসানো বল হেডে নামিয়ে দেয় সুরজিৎদা, দুরন্ত ভলিতে তা আমি জালে জড়াই। ম্যাচটা জেতার পর মোহন বাগান মাঠে লাল-হলুদ সমর্থকদের সে কী উন্মাদনা! কিন্তু পরের দিন বসিরহাটের বাড়িতে পৌঁছে বিড়ম্বনার শেষ নেই। পরিবারের সবাই মোহন বাগান অনুরাগী। আমি ঢুকতেই রাগে বাড়ি থেকে বেরিয়ে গেল ভাই।

Advertisement
সম্পর্কিত সংবাদ