•চিরাচরিত পোশাক দিয়েই নতুন লুক তৈরি করা এখন ট্রেন্ডিং। কখনো শাড়ি থেকে তৈরি হয়ে যাচ্ছে কাফতান। কখনো বা পাঞ্জাবির উপর লং জ্যাকেট তৈরি করছে আধুনিক লুক। এবারের ‘চতুষ্পর্ণী’-র ফ্যাশনে বিষয় অনেকটা তেমনই। অভিনেত্রী স্বস্তিকা ঘোষ একটি ফুশিয়া পিঙ্ক ড্রেস পরেছেন। প্রথমত এই রং এমন উজ্জ্বল যে মুহূর্তের মধ্যে উৎসবের মেজাজ তৈরি করে দেয়। একরঙা এই ড্রেসের বিশেষত্ব কোমরের বেল্ট। ভারী কাজের ব্লাউজও নজরকাড়া। গলায় একটি স্টেটমেন্ট জুয়েলারি পরেছেন তিনি। সে কারণেই হাতে কোনো গয়না দেওয়া হয়নি। এই ধরনের পোশাক ফিগার কারেকশনও করে। পার্টি হোক বা সাবেকি কোনো অনুষ্ঠান, এই ধরনের ফিউশন স্টাইল আপনাকে সকলের থেকে আলাদা করে দেবেই। পাশাপাশি অভিনেতা যশ দাশগুপ্তের পোশাকেও ফিউশনের ছোঁয়া। শর্ট লেংথের পাঞ্জাবি পরেছেন তিনি। তার উপরে লং জ্যাকেট স্টাইলের একটি ডিজাইনার পোশাক দিয়ে টিম আপ করা হয়েছে। খুবই এলিগ্যান্ট এই ধরনের লুক। বিয়েবাড়িতে আপনি যখন নিমন্ত্রিত অতিথি তখন এই ধরনের পোশাকে নিজের স্টাইল স্টেটমেন্ট তৈরি করতে পারেন।



