নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: অপহরণ ও খুনের মামলা রুজু হওয়ার পরে কয়েকদিন বেপাত্তা ছিলেন। আজ, শুক্রবার পরিচিত ‘দাবাং’ মেজাজে দেখা গেল রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনকে। সমস্ত অভিযোগ খারিজ করার পাশাপাশি নিজেকে ‘চক্রান্তের শিকার’ হলে দাবি করেছেন এই ডব্লুবিসিএস অফিসার।
অপহরণ ও খুনের মামলা রুজু হওয়ায় গত কয়েকদিন ধরে দেখা মিলছিল না প্রশান্ত বর্মনের। বৃহস্পতিবার রাজগঞ্জ বিডিও অফিসে গিয়েও দেখা মেলেনি তাঁর। তবে আজ জলপাইগুড়িতে নির্বাচন কমিশনের বৈঠকে হাজির হন তিনি। বৈঠক সেরে বেরিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হন প্রশান্ত। তিনি বলেন, ‘আমার বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে। কারা সেই চক্রান্ত করছে, সব জানি। বারবার আমাকেই টার্গেট করা হচ্ছে। সব চক্রান্ত ফাঁস হয়ে যাবে। আমি আমার মতো করে আইনের সাহায্য নিচ্ছি।’
বিরোধীরা আপনার শিক্ষাগত যোগ্যতা নিয়ে বারবার প্রশ্ন তোলেন। এ নিয়ে কী বলবেন? বিডিও প্রশান্ত বর্মনের বক্তব্য, ‘আমার লেখা দশটা বই প্রকাশিত হয়েছে। আমি এলএলবি করেছি। পিএইচডি করছি। কিছুদিন পর আমার নামের আগে ডক্টরেট বসবে। আজ যাঁরা আমার শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলছেন, সেদিন তাঁদের মাথা ঘুরে যাবে।’