সংবাদদাতা, লালবাগ: প্রতিবন্ধী বৃদ্ধাকে ধর্ষণের মামলায় এক যুবককে কারাদণ্ডের নির্দেশ দিল আদালত। বৃহস্পতিবার লালবাগ মহকুমা সেকেন্ড ট্রাক ফাস্ট কোর্টের বিচারক ঋষি কুশারি ওই যুবককে ১০ বছরের বছরের কারাবাস এবং ৫৫ হাজার টাকা জরিমানার নির্দেশ দেন। জরিমানা অনাদায়ে আরও এক বছরের সাজা ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত যুবকের নাম বিরাজ মাহালি। আদালত সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছিল ২০২৫ সালের ১০ মার্চ জিয়াগঞ্জ থানা এলাকায়। ওইদিন রাতে বাড়ির বারান্দায় শুয়েছিলেন ওই বৃদ্ধা। ফাঁকা বাড়ির সুযোগে ওই যুবক বৃদ্ধাকে জোর করে ঘরের ভিতরে নিয়ে গিয়ে ধর্ষণ করে। ঘটনার পর বৃদ্ধার ছেলে বাড়িতে ফিরে বিষয়টি জানতে পারেন। তিনি জিয়াগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ মামলা রুজু করে তদন্তের পাশাপাশি অভিযুক্তকে গ্রেপ্তার করে। দেড় বছর ধরে মামলা চলে। সাক্ষ্য এবং তথ্য প্রমাণের ভিত্তিতে বুধবার বিচারক অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেন। এদিন তিনি সাজা ঘোষণা করলেন।



