Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

বৃথা স্মৃতির সেঞ্চুরি, লড়েও হার ভারতের

স্মৃতি মান্ধানার বিধ্বংসী শতরান কাজে এল না। মহিলাদের একদিনের ক্রিকেটে সর্বাধিক রান তাড়ার রেকর্ডও অধরা রইল ভারতের। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওডিআই সিরিজের তৃতীয় তথা নির্ণায়ক ম্যাচে অস্ট্রেলিয়ার ৪১২ রানের জবাবে হরমনপ্রীত কাউরদের সংগ্রহ ৩৬৯।

বৃথা স্মৃতির সেঞ্চুরি, লড়েও হার ভারতের
  • ২১ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:০৯
Prefer us on Google

নয়াদিল্লি: স্মৃতি মান্ধানার বিধ্বংসী শতরান কাজে এল না। মহিলাদের একদিনের ক্রিকেটে সর্বাধিক রান তাড়ার রেকর্ডও অধরা রইল ভারতের। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওডিআই সিরিজের তৃতীয় তথা নির্ণায়ক ম্যাচে অস্ট্রেলিয়ার ৪১২ রানের জবাবে হরমনপ্রীত কাউরদের সংগ্রহ ৩৬৯। অ্যালিসা হিলিরা জিতলেন ৪৩ রানে। একই সঙ্গে ওডিআই সিরিজ ২-১ ব্যবধানে পকেটে পুরল অজিরা। ভারতের বিরুদ্ধে ১১টি দ্বিপাক্ষিক সিরিজেই জয়ী তারা। তবে সিরিজ হারলেও এই লড়াই নিশ্চিতভাবে ওডিআই বিশ্বকাপের আগে আত্মবিশ্বাস বাড়াবে টিম ইন্ডিয়ার।

Advertisement

কোটলায় এদিন কোনও দলই পুরো পঞ্চাশ ওভার ব্যাট করেনি। অজিদের ৪১২ আসে ৪৭.৫ ওভারে। এটি তাদের যুগ্মভাবে সর্বাধিক রান। আর ভারতের ৩৬৯ ওঠে ৪৭ ওভারে। অর্থাৎ, দু’দল মিলিয়ে স্কোর বোর্ডে উঠল ৭৮১ রান! বেথ মুনি (৭৫ বলে ১৩৮) ও জর্জিয়া ভলের (৬৮ বলে ৮১) দাপটে প্রথমে ব্যাট করে চারশোর গণ্ডি টপকেছিল অজিরা। জবাবে একসময় ২০ ওভারে দুই উইকেটে ২০৬ তুলে ফেলে ভারত। ওপেনার প্রতীকা রাওয়াল (১০) ও তিনে নামা হারলিন দেওল (১১) ব্যর্থ হলেও ক্যাপ্টেন হরমনপ্রীতকে সঙ্গে নিয়ে স্মৃতি টানেন দলকে। তৃতীয় উইকেটের জুটিতে ৬৯ বলে তাঁরা যোগ করেন ১২১ রান। স্মৃতির ওডিআই কেরিয়ারের ১৩তম শতরান আসে ৫০ বলে, যা ভারতের মধ্যে দ্রুততম। অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্যাপ্টেন মেগ ল্যানিং এর চেয়ে কম বলে (৪৫) সেঞ্চুরিতে পৌঁছেছিলেন।
কিন্তু হরমনপ্রীত (৩৫ বলে ৫২) ও স্মৃতি (৬৩ বলে ১২৫) পরপর ফেরেন। ১৭টি বাউন্ডারি ও পাঁচটি ছক্কায় ইনিংস সাজান মান্ধানা। রিচা ঘোষ (৬) ও রাধা যাদব (১৮) বেশিক্ষণ ক্রিজে থাকেননি। ফলে ২৯ ওভারের শেষে স্কোরবোর্ড দেখায় ২৬১-৬। চারশোর বেশি রান তাড়া করে জয়ের স্বপ্ন ওখানেই শেষ। দীপ্তি শর্মা (৫৮ বলে ৭২) অবশ্য স্নেহ রানাকে (৩৫) সঙ্গে নিয়ে অসম্ভবকে সম্ভবের চেষ্টা করেছিলেন। তবে জয় ধরাছোঁয়ার বাইরেই থেকে যায়।

Advertisement
সম্পর্কিত সংবাদ